২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে পরিস্থিতির অবনতি হতে পারে ঃ নবনিযুক্ত আইজিপি

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বলেছেন, জটিল সময়ের মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে। রাজনৈতিক ময়দান ও গার্মেন্টস খাতই এক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে পরিস্থিতির অবনতি হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

নতুন আইজিপি অপরাধ ও অপরাধীদের মোকাবেলায় জনগণের পাশাপাশি গণমাধ্যমেরও সহায়তা কামনা করেন। এর আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি পুলিশ বিভাগে রাজনীতিকরণ ও দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে বলেন, ৩৩ বছর আগে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার সময় থেকেই আমি এ অভিযোগ শুনে আসছি।

তবে তিনি পুলিশকে রাজনীতিকরণ ও দূর্নীতির বাইরে রাখার পাশাপাশি পুলিশের দূর্নীতির বিরুদ্ধে অভিযান আরো শক্তিশালী করবেন বলেও উল্লেখ করেন।

আইজিপি জঙ্গিবাদ, উগ্রবাদ ও অপরাধ মোকাবেলায় র‌্যাব ও পুলিশের সফলতারও প্রশংসা করেন।

আনোয়ারুল ইকবাল বলেন, পরবর্তী পাঁচ বছরে ৩০ হাজারেরও বেশী নতুন পুলিশ সদস্য নিয়োগ করা হবে এবং আরো বেশি থানা স্থাপন করা হবে।

ব্রিফিংকালে সদ্যবিদায়ী আইজিপি আব্দুল কাইয়ুমসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম তার মেয়াদকালে বাংলাদেশ পুলিশকে অধিক কার্যকর করে তোলা এবং এর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবী করেন।

পুলিশ সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজানোর জন্য এরই মধ্যে সংস্থাপন মন্ত্রাণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।