লন্ডন বোমা বিস্ফোরণের ঘটনা বিশ্বের সবার ওপরই হামলাস্বরূপ : ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ৭ জুলাই লন্ডন বোমা বিস্ফোরণে হতাহতদের কথা গভীর দুঃখের সঙ্গে স্মরণ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
লন্ডন বোমা হামলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হাই কমিশনার বলেন, এক বছর আগে সংঘটিত ওই সন্ত্রাসী ঘটনা আসলে আমাদের সবার ওপরই হামলা ছিল।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের মুসলিম, খ্রিস্টান, হিন্দু, শিখ ও ইহুদিসহ বিভিন্ন ধর্ম ও মতের অনুসারীরা ওই হামলায় হতাহত হয়। পরস্পরের মধ্যে অবিশ্বাস এবং বিভাজন তৈরি করতেই মূলত এ হামলা চালানো হয়েছিল।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে ব্রিটিশ ও মুসলমান হওয়ার মধ্যে কোন বিরোধিতা নেই। যুক্তরাজ্যে মুসলমানরা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশী এবং ব্রিটিশ নাগরিকদের মতোই স্বাধীনতা ভোগ করছে।
উগ্রপন্থীদের হাত থেকে ইসলামকে রক্ষা করা এই মূহুর্তে অধিকাংশ মুসলমানের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও আনোয়ার চৌধুরী উল্লেখ করেন।
