রোববার থেকে রাষ্ট্রপতি অফিস করবেন: বঙ্গভবন
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার থেকে (৯ জুলাই) অফিস করবেন। বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার একটি মেডিক্যাল বোর্ড রাষ্ট্রপতির শারিরীক অবস্থা পরীক্ষা করে স্বাস্থ্যের অবস্থায় সন্তোস প্রকাশ করে বলে বার্তায় উল্লেখ করা হয়।
রষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান জানান, রাষ্ট্রপতির শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিক্যাল বোর্ড প্রকাশ সন্তোষ প্রকাশ করেছেন।
মেডিক্যাল বোর্ডের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি এখন সুস্থ্য। তার ‘কার্ডিয়াক স্ট্যটাস’ সন্তোষজনক।
মেডিক্যাল বোর্ড রাষ্ট্রপতিকে হালকা কাজ এবং সীমিত দর্শনার্থীর সাথে মিলিত হওয়ার অনুমোদন দিয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এতে বলা হয়, বোর্ড তাকে বর্তমান চিকিৎসা চালিয়ে যাওয়ার এবং তিন সপ্তাহ পর আবারো তার স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছে।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এমএ মালিকের নেতৃত্বে অধ্যাপক কেএমএইচএস সিরাজুল হক, অধ্যাপক সুফিয়া রহমান, মেজর জেনারেল এমএ মুয়ীদ সিদ্দিকী, মেজর জেনারেল এমজি রব্বানী, কর্ণেল এসকে মো. বাহার হোসেন এবং লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রহমান রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়ার পর রাষ্ট্রপতিকে গত ২৪ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৬ মে তার বাইপাস সার্জারি হয়। তিনি ২০ জুন দেশে ফিরে সিএমএইচ-এ অবস্থান করে ২৪ জুন বঙ্গভবনে ফিরে আসেন।
