২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে প্রবেশকালে ছাত্রলীগের অবরোধের মুখে শাবি ভিসি, কালো পতাকা প্রদর্শন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতাড়িত ভিসি অধ্যাপক মোসলেহউদ্দিন আহম্মদ ক্যাম্পাসে ফেরার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ছাত্রলীগের অবরোধের মুখে পড়েন। এসময় ছাত্রলীগ কর্মীরা তাকে কালো পতাকা দেখায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, ভিসি বেলা ১১টার দিকে পুলিশ প্রহরায় ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধের মুখে পড়েন। এ সময় ছাত্রলীগ কর্মীরা ভিসি বিরোধী বিভিন্ন শ্লোগান ও কালো পতাকা প্রদর্শন করে। ঘন্টাব্যাপী এ অবরোধের সময় ভিসি পুলিশ নিয়ে ক্যাম্পাসে ঢুকলেও সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

অবরোধকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এক সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোসলেহউদ্দিনকে অপসারণ করা না হলে ক্যাম্পাস খোলার দিন থেকেই ছাত্র ধর্মঘট শুরু হবে।

গত ১২ মে শাহজালাল ও রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় শাবি শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে এক ছাত্র নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ভিসির নীরব ভূমিকার বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে ১৪ মে সকালে ভিসি সাদা কাগজে পদত্যাগ পত্র লিখে পরিবার-- পরিজন নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এদিকে ১৭ জুলাই শাবি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে। ওই সভা থেকেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।