২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে দুজন নিহত

রাজধানী ঢাকার মোহাম্মদপুর স্যার সৈয়দ পার্কে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে ওসমান গনি নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। পাবনার আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে নিষিদ্ধঘোষিত নকশাল বাহিনীর প্রধান নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতের নাম আমজাদ হোসেন বিশ্বাস (২৬)।

ঢাকা র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের একটি দল রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে বুধবার দুপুরে গনিকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মোহাম্মদপুর স্যার সৈয়দ পার্কে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা গনির সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় গনি র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি ৯ এম এম পিস্তল উদ্ধার করেছে। 

র‌্যাব জানায়, গনির বিরুদ্ধে সাতটি হত্যাসহ ২১টি মামলা রয়েছে। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামী।

এদিকে পাবনা র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ এর সদস্যরা বুধবার আতাইকুলা থানার তেবাড়িয়া থেকে আমজাদকে গ্রেপ্তার করে। ওই রাতেই র‌্যাব সদস্যরা তাকে নিয়ে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আমজাদের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাবের ভাষ্য, এ সময় আমজাদ পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।