বিশ্বকাপ ফাইনালে ইটালির মুখোমুখি ফ্রান্স
জার্মানির মিউনিখে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জিনেদিনে জিদানের একমাত্র পেনাল্টি গোলের উপর ভর করে ৯৮’ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স শক্তিশালী পর্তুগালকে ১ - ০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে । ফাইনালে তারা তিনবারের বিশ্বচ্যাম্পিয়ান ইটালি’র মুখোমুখি হবে। এই হারের মধ্য দিয়ে পর্তুগালের প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল।
প্রথমার্ধের শুরুত থেকেই উভয় দলই আক্রমণ - পাল্টা আক্রমণ মধ্য দিয়ে খেলা এগিয়ে নিয়ে যায়। খেলার ৯ মিনিটের মাথায় ফরাসি গোলমুখে দূর্দান্ত এক শট নেন পর্তুগীজ স্ট্রাইকার মানিশ। কিন্তু তার জোরালো শটটি ফ্রান্সের গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। খেলার ১৪ মিনিটের সময় প্রথম গোল করার মতো সুযোগ লাভ করে ফ্রান্স। সতীর্থ এরিক আবিদাল একটি নিচু ক্রস পর্তুগীজ গোল পোস্টের ৬ গজের মধ্যে ঠেলে দেয় স্ট্রাইকার থিয়েরি অঁরি দিকে কিন্তু অঁরি বলে পা ছোঁয়াতে না পারায় সুযোগটি নষ্ট হয়।
খেলার ৩৩ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের অধিনায়ক জিনেদিনে জিদান। ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি বল নিয়ে পর্তুগীজ বিপদ সীমানায় ঢুকে পড়লে পর্তুগালের ডিফেন্ডার রিকার্ডো কারভালহো তাকে ফাউল করে বসেন। সাথে সাথেই রেফারী জর্জ ল্যারিয়ন্ডা ফ্রান্সের পক্ষে পেনাল্টি’র নির্দেশ দেন। আর এই পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি ফরাসি যাদুকর জিদান।
সমতায় ফিরে আসার জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পর্তুগাল আরো আক্রমনাত্মক খেলতে শুরু করে। এসময়ে উভয় দলের তীব্র প্রতিদ্বন্দ্বীতায় খেলাটি দারুন উপভোগ্য হয়ে ওঠে। মানিশ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুইস ফিগো ডেকো আর প্যলেটা’রা ফ্রান্সের গোলমুখে বারবার আক্রমণ চালায়। অপরদিকে জিদান, থিয়েরি অঁরি, ফ্রাঙ্ক রিবেরি, ম্যলুদা, ভিয়েরা ও আবিদাল’রাও পাল্টা আক্রমণে পর্তুগীজদের কোনঠাসা করে রাখার চেষ্টা করে যায়। দারুন উপভোগ্য এই লড়াইয়ে শেষপর্যন্ত কোনো দলই আর গোলের দেখা না পেলে প্রথমার্ধের জিদানের গোলে ভর করে ফাইনালে উঠে যায় ফ্রান্স।
এই পরাজয়ের মধ্যে দিয়ে পর্তুগীজ কোচ লুই ফিলিপ স্কলারি অবশেষে বিশ্বকাপে তার হার মানতে হলেন। ২০০২’ আসরে অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে স্কলারি সাতটি ম্যাচের কোনোটিতেই হারেনি। এবারে তার নেতৃত্বধীন পর্তুগালও ৫ টি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে। অর্থাৎ বিশ্বকাপে স্কলারি মোট ১২ টি ম্যাচ অপরাজিত থাকার পর ১৩ তম ম্যাচে এসে ফ্রান্সের কাছে পরাজয় বরণ করলেন। আনলাকি থার্টিনের রাহু থেকে নিজেকে রক্ষা করে পর্তুগালকে ফাইনালে নিতে পারলেন না স্কলারি।
ফ্রান্স ১০ জুলাই রবিবার শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে অপর বিশ্ব চ্যাম্পিয়ন ইটালির মুখোমুখি হতে যাচ্ছে। আর এর আগেরদিন স্টুটগার্টে তৃতীয়স্থান নির্ধারণী খেলায় স্বাগতিক জার্মানি পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামবে।
