দুই রেফারী দিয়ে ম্যাচ চালানোর ইঙ্গিত দিলেন ব্লাটার
দুজন রেফারী দিয়ে হকি ম্যাচ চালানো এখন খুব স্বাভাবিক একটি দৃশ্য। কিন্তু দুজন রেফারী দিয়ে ফুটবল ম্যাচ চালানোটা একটু অস্বাভাবিকই লাগতে পারে আপনার কাছে, তাই নয় কি?
কিন্তু অদূর ভবিয্যতে ফুটবল মাঠে আপনাকে এরকম দৃশ্য দেখতে হতে পারে এবং সেরকমটাই ভাবছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
ফিফা বস সেপ ব্লাটার বলেন, ‘অদূর ভবিষ্যতে এক ম্যাচে দুজন রেফারী ব্যবহারের বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি’।
জার্মানিতে অনুষ্ঠিত ১৮তম বিশ্বকাপে ম্যাচ-অফিসিয়াল অর্থাৎ রেফারীরা তাদের সিদ্ধান্তের জন্য সমালোচনার তোপের মুখে পড়েছেন।
ব্লাটার বিশ্বাস করেন, দু’জন রেফারী দিয়ে ম্যাচ চালানোর ফলে অনেক ভুল এড়ানোর পাশাপাশি বির্তক থেকেও রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, ‘দু’জন রেফারী দিয়ে ম্যাচ চালানোর বিষয়টি শুরুতে তেমন গুরুত্ব পায়নি। তবে আমরা বিষয়টি মালয়েশিয়া ও ব্রাজিলের সাও পাওলোতে পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছি এবং আশানুরুপ ফলও পেয়েছি। কিন্তু নরওয়ে ও ইটালিতে এর ফলাফল উৎসাহব্যাঞ্জক ছিল না’।
ব্লাটার আরো বলেন, ‘বর্তমানে আমরা দ্রুত গতির ম্যাচে অবলোকন করছি এবং আমাদের অবশ্যই জানতে হবে দু’জন রেফারী দিয়ে ম্যাচ চালানোর বিষয়টি আবারো পরীক্ষার দরকার আছে কিনা’।
বিভিন্ন খেলায় অতিরিক্ত অফিসিয়াল ব্যবহারের বিষয়টি উল্লেখপূর্বক এর সুফলের কথা তুলে ধরে ফিফা বস ফুটবলেও অতিরিক্ত অফিসিয়াল ব্যবহারের ইঙ্গিত দেন।
