২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ৮ বছর পর ২৫ জুলাই চাঞ্চল্যকর শিশু তানিয়া ধর্ষন মামলার রায়

ঢাকার সিএমএম আদালতের পুলিশ কন্ট্রোল রুমে চার বছরের শিশু তানিয়া ধর্ষন ঘটনায় দীর্ঘ আট বছর পর ২৫ জুলাই মামলার রায় দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বুধবার ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নুরুননাহার ২৫ জুলাই চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ৬৬ জন সাক্ষীর মধ্যে ২০ জন এবং আসামী পক্ষে ৭ জন সাফাই সাক্ষী দিয়েছেন ।

মামলার তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের ১০ মার্চ সকালে ঢাকার সিএমএম আদালতের পুলিশ মেসের বাবুর্চীর চার বছর বয়সী মেয়ে তানিয়া আদালতের পুরনো ভবনের দ্বিতীয় তলায় ধর্ষনের শিকার হয়। এ ঘটনাটি নিয়ে সেসময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই তখন সিএমএইচ এ চিকিৎসাধীন তানিয়াকে দেখতে যান।

ঘটনার পর ঢাকা বারের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ হাসান প্রথমে তানিয়ার বর্ণনা অনুযায়ী ছোট চুলের একজন পুলিশকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালী থানায় এজাহার দিলেও পরে পুলিশ শব্দটি এজাহার থেকে কেটে দেন। পরবতীতে পুলিশ সিএমএম আদালতের উমেদার ওবায়দুর রহমানকে ধর্ষক দেখিয়ে চার্জশিট দিলে এর প্রতিবাদে মিডিয়াতে ব্যাপক সমালোচনা হয়।

সঠিক আসামীর বিরুদ্ধে বিচার হচ্ছে না বলে একজন মানবাধিকার কর্মীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে মামলার বিচার কাজ স্থগিত হয়ে যায়। পরে এর বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়। কিন্তু সাক্ষ্যে প্রকৃত আসামী সনাক্ত করতে না পেরে ‘প্রকৃত ধর্ষণকারীকে সনাক্ত করা গেল না’ বলে মহানগর হাকিম তদন্ত রিপোর্ট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রিপোর্ট পাঠালেও পুলিশের চার্জশিট অনুযায়ী অভিযুক্ত ওবায়দুর রহমানের বিরুদ্ধে বিচার কাজ চলছিল।