জার্মানি জুড়ে শোকের ছায়া: সংবাদমাধ্যগুলোতে দলের ব্যাপক প্রশংসা
ইটালির শেষ দুই মিনিটের জাদুকরী দুই গোলে স্বাগতিক জার্মানির শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে ক্লিন্সম্যানের তরুন নির্ভর জার্মান দলের। দূর্ভাগ্য স্বাগতিকদের।
দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না তাদের। স্বপ্নভঙ্গের বেদনায় এখন ভারাক্রান্ত প্রতিটি জার্মান নাগরিক। তবে এই কষ্টকর পরাজয়ের পর আক্রোশ প্রকাশ না করে আশাহত জার্মানি তাদের ইতিবাচক আবেগ দিয়েই তরুন ফুটবলারদের বরণ করে নিয়েছে।
এটা সত্যি যে, এই পরাজয়ে জার্মানি তাদের শিরোপা জয়ের স্বপ্নের হাতছানি থেকে ছিটকে পড়েছে। তবে দেশের পত্রপত্রিকা ও মিডিয়াগুলো তাদের দলের প্রতি কোনো দুয়ো ধ্বনি তোলেনি। বরং ডর্টমুন্ডের ইতিহাস ভঙ্গকারী এই পরাজয়ে জার্মান মিডিয়াগুলো তাদের দলের প্রতি সমবেদনা জানিয়ে তরুণদের কান্নার সাথে, কষ্টের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেছে।
পরাজয়ের পরপরই পুরো জার্মানি জুড়ে শোকের মাতোম বয়ে যায়। টাইব্রেকারের মাত্র ২ মিনিট আগে এই পরাজয় তাদের কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারানোর পর প্রতিটি জার্মান নাগরিকের কঠিন একটা আত্মবিশ্বাস জন্মেছিল, যে কোনো ফুটবল পরাশক্তিকেই তারা অন্তত টাইব্রেকারে হারিয়ে দিতে সক্ষম। ইটালির কাছে এই পরাজয় তাদের সেই বিশ্বাসের ভীত নাড়িয়ে দিয়েছে।
‘এবারের বিশ্বকাপ আসর জাতি হিসেবে জার্মানির একাত্ম ও সমুন্নত থাকার আদর্শকে আরো বাড়িয়ে দিয়েছে’ এমনটাই লিখেছে বার্লিন কেন্দ্রিক ট্যাবলয়েড বিজি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই জার্মান জাতির মধ্যে একাত্মবোধের প্রবল আবেগ কাজ করে আসছে। সেই সময় থেকেই দেশের উড্ডীন পতাকাকে চির সমুন্নত রাখার জন্য তারা জাতীয় পতাকাকে প্রকাশ্যে বীরোচিতভাবে বহন করে এবং দুলিয়ে আসছে। কিন্তু এবারের আসরে জার্মানিদের এই পুরোনো চেহারাটিই তার সর্বোচ্চ আকার ধারণ করেছে। জার্মানির শহর, বন্দর ও গ্রাম- সর্বত্রই লাখ লাখ জাতীয় পতাকা বাতাসে দুলেছে এতটা দিন। কিন্তু ইটালির কাছে সেমিফাইনালে পরাজয়ের পর বেশীরভাগ পতাকাই নামিয়ে ফেলেছে তারা। তবে এই কাজের মধ্য দিয়ে দলের প্রতি তাদের কোনো আক্রোশ প্রকাশ পায়নি। স্বপ্নভঙ্গের বেদনায় তারা তাদের বীরদের কোনোপ্রকার নিন্দা না করেই পতাকাগুলো নামিয়ে ফেলেছে। তাই বিজি লিখেছে, ‘আমাদের কাপজয়ের স্বপ্ন ভেঙ্গে গেছে সত্যি, কিন্তু আমরা আসলে অনেক কিছুই অর্জন করেছি। আমাদের তরুণ বীরেরা যে চমৎকার খেলা আমাদের উপহার দিয়েছে, পুরো দেশজুড়ে লাল, কালো আর সোনালী রঙের উড্ডীন পতাকাতলে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে আর বাঁধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবার যে নতুন উদ্যম আমাদের মাঝে তৈরি হয়েছে সেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া’।
দেশের এই পরাজয়ে জার্মানির অন্যান্য খবরের কাগজগুলোতেও তরুন এই বীরদের প্রশংসাই করা হয়েছে। সেই সাথে যোগ্য দল হিসেবে এবং ভালো খেলে ইটালির ফাইনালে ওঠারও প্রশংসা করেছে সংবাদপত্রগুলো। ইটালির তুখোড় পারফরমেন্সের প্রশংসা করে দৈনিক বিল্ড জানিয়েছে, ‘ইটালি এককথায় জার্মানি থেকে অনেক ভালো খেলেই জিতেছে। তবে আমাদের তরুন জার্মান ফুটবলারেরা, তোমরা আমাদের কাছে জাতীয় বীর হয়েই থাকবে। তোমাদের পরাজয়ে, তোমাদের কষ্টে আর কান্নায় আজ আমরা সকল দেশবাসী সামিল হয়েছি’।
জার্মান মিডিয়া তাদের একটি জরিপের মাধ্যমে জানিয়েছে, এবারে দেশের প্রায় তিন কোটি মানুষ টেলিভিশনে সরাসরি খেলা উপভোগ করেছে। এছাড়াও লাখ লাখ মানুষ বিভিন্ন পানশালায় এবং উন্মুক্ত স্থানে খেলা উপভোগ করেছে।
