২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক অসন্তোষ অব্যহত, দফায় দফায় বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৩০, গ্রেপ্তার ৫

সাভারের জিরাব পুকুর পাড় এলাকায় আইরিশ ফ্যাশনের নিহত শ্রমিক নিটিং অপারেটর আবু বক্কারকে জীবিত অথবা মৃত ফেরত চেয়ে বুধবার দফায় দফায় শ্রমিকরা লাঠিমিছিল করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এসময় বহিরাগত সন্ত্রাসীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৩০জন শ্রমিক আহত হয়।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও শ্রমিকরা জানায়, গত সোমবার রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় প্রায় ২৫জন শ্রমিক আহত এবং অপর এক শ্রমিক নিহত হলে সন্ত্রাসীরা তার লাশ গুম করে দেয়।

এ ব্যাপারে শ্রমিকরা মালিকপক্ষের কাছে আবু বক্কারকে জীবিত অথবা মৃত ফেরত চেয়ে বিক্ষোভ দেখালেও মালিকপক্ষ থেকে কোন সাড়া না পেয়ে বুধবার শ্রমিকরা দফায় দফায় লাঠিমিছিল করে। পরে বুধবার দুপুরে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।  

এদিকে আইরিশ ফ্যাশনের প্রডাকশন কো-অর্ডিনেটর রাশেদ এই ঘটনার সত্যতা স্বীকার করলেও ফ্যাক্টরির অন্য কর্তৃপক্ষ এর বিরোধীতা করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, বহিরাগত সন্ত্রাসী শ্রমিক উস্কানির হোতা বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদের আঞ্চলিক কমান্ডার ও ইউনিভার্স গার্মেন্সসের শ্রমিক নেতা ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের আঞ্চলিক আহ্বায়ক তুহিন খানকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

এছাড়া বুধবার আইরিশ ফ্যাশনে শ্রমিক বিক্ষোভের সময় ফ্যাক্টরির শ্রমিক নেতা আলহাজ, অন্বেষা গার্মেন্টসের শ্রমিক নেতা সাইমন, বহিরাগত সন্ত্রাসী আলী রেজা ও আকবর হোসেন নামে চার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে হাজতে পাঠায়।

বহিরাগত সন্ত্রাসী আলী রেজা, আকবর হোসেন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের আঞ্চলিক কমিটির আহ্বায়ক তুহিন খানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলেই আবু বক্কার জীবিত না মৃত তার মূল রহস্য বেরিয়ে আসবে বলে বিভিন্ন শ্রমিক ও গোয়েন্দা সংস্থা দাবি করে।

সূত্র জানায়, গত ২২ ও ২৩ জুন গার্মেন্টস শিল্পে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির সাথে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়ন করা হয়েছে।