সাংবাদিক শান্তা হত্যার বিচার চেয়েছেন নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা
দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক শান্তা সুলতানা তুলির মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড বলে অভিহিত করে তার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা। সেইসঙ্গে তারা শান্তার স্বামী আশীষ বিশ্বাসকে অবিলম্বে গ্রেপ্তার এবং হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রটির সাধারণ সম্পাদক দিল মনোয়ারা মনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু, গণসাক্ষরতা অভিযান এর পরিচালক রাশেদা কে. চৌধুরী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, মহিলা আইনজীবী সমিতির তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সুরুজ, শান্তার চাচা গোলাম মোস্তফা, মহিলা পরিষদের অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী , আইন ও সালিশ কেন্দ্রের রওশন জাহান পারভীন প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ভিসেরা রিপোর্ট ছাড়া খুব দ্রুত একটি ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। এ রিপোর্টের সঙ্গে লাশের সুরতহাল রিপোর্টের কোন মিল নেই। কিন্তু প্রাথমিক তদন্তে শান্তাকে হত্যার কথা নিশ্চিত করা হয়েছে।
অ্যাডভোকেট সালমা আলী বলেন, এটা আত্মহত্যা না হত্যা তা প্রমাণ হবে কোর্টে। কিন্তু স্বাভাবিকভাবে এটা আত্মহত্যা না বলেই বোঝা যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা আত্মসম্মানের কথা চিন্তা করে নিজেদের পারিবারিক সমস্যা এবং অত্যাচারিত হওয়ার কথা স্বীকার করি না। তারই শিকার হলেন শান্তা।
রাশেদা কে. চৌধুরী বলেন, আতঙ্কের বিষয় হলো, যে সাংবাদিকরা নির্যাতনের কথা লিখেন তারাই আজ নির্যাতনের শিকার। শান্তাকে দেখে কখনও অপ্রকৃতিস্থ বা আত্মহত্যা করার মতো মনে হয়নি। তাছাড়া আশীষ যদি নির্দোষই হবেন তবে তিনি কেন আইনের আশ্রয় নিচ্ছেন না?
শান্তার চাচা গোলাম মোস্তফা বলেন, শান্তার শরীরে আত্মহত্যার কোন চিহ্নই ছিল না। কেননা লাশের গায়ে যে গন্ধ ছিল তা একদিনে হয় না। তিনি প্রশ্ন রেখে বলেন, শান্তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি। খাট বা টেবিলের সাহায্য ছাড়া সে কিভাবে ফ্যান ছুঁয়েছে সেটাই বোধগম্য নয়। আর ডাক্তাররাই বা কিভাবে নিশ্চিত হয়েছেন যে এটা আত্মহত্যা?
গত ২০ জুন ঢাকার মোহাম্মদপুরের বাসার নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শান্তার লাশ উদ্ধার করা হয়। মাত্র সাত মাস আগে তিনি দৈনিক সংবাদ এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। ১৯৯৯ সালে আশীষ বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। শান্তার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
