ফুলেল অভ্যর্থনায় ক্যাম্পাসে ফিরলেন শাবি ভিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতাড়িত ভিসি ড. মোসলেহ উদ্দিন আহমদ দীর্ঘ ৫২দিন পর বুধবার বেলা পৌণে ১২টায় ক্যাম্পাসে ফিরেছেন।
সূত্র জানায়, পুলিশ ও ছাত্রদল ক্যাডারদের প্রহরায় ক্যাম্পাসে পৌঁছেই তিনি সরাসরি উপাচার্যের কার্যালয়ে যান। সেখানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।
গত ১২ মে শাহজালাল ও রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় শাবি শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে এক ছাত্র নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ভিসির নীরব ভূমিকার বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে ১৪ মে সকালে ভিসি সাদা কাগজে পদত্যাগ পত্র লিখে পরিবার-- পরিজন নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান।
ক্যাম্পাসে ফিরে আসার পর বুধবার ভিসি মোসলেহ উদ্দিন বলেন, কিছু বিপথগামী শিক্ষার্থীর অপতৎপরতায় ওইদিন (১৪ মে) নিজের এবং পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে পদত্যাগ পত্র লিখে ছাত্রদের হাতে তুলে দিয়েছিলাম। এটাকে কোনোভাবেই পদত্যাগ করা বলে না। আর এজন্য আচার্যও সেটি গ্রহণ করেননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেটের বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
