সিরাজগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চলের চুন্ধিনী এবং উল্লাপাড়া উপজেলার চরচৌবিলা এলাকা থেকে পুলিশ বুধবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে।
সিরাজগঞ্জের সদর থানার যমুনা চরাঞ্চলের চুন্ধিনী থেকে হযরত আলী (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি সয়াসিকা গ্রামের হাজী আব্দুল হাই এর ছেলে। পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে ডাকাতির সময় হযরত আলী ডাকাতদের চিনে ফেলায় তারা তাকে অপহরণ করে নিয়ে যায়।
জেলার উল্লাপাড়া থানা পুলিশ সকালে উপজেলার চরচৌবিলা থেকে অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার নাম জালালউদ্দিন (৩৫)। তিনি সলঙ্গা থানার তেলকুপী গ্রামের বাসিন্দা। গত সাত দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ সূত্র জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
