৫২ দিন পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১টি রুটে বিআরটিসি’র বাস চলাচল শুরু
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১টি রুটে দীর্ঘ ৫২ দিন বিআরটিসি’র বাস চলাচল বন্ধ থাকার পর আদালতের নির্দেশে বুধবার থেকে বাস চলাচল শুরু হয়েছে।
বরিশালের বিআরটিসি’র ডিপো ম্যানেজার খান কামাল হোসেন জানান, বুধবার বরিশাল-পিরোজপুর-বেনাপোল, বরিশাল-সাতক্ষীরা, বরিশাল-খুলনা রুটে বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার থেকে বরিশাল-ঝালকাঠি এবং বরিশাল-পাথরঘাটা-খুলনা রুটে বাস চলাচল শুরু হবে।
বাস-মালিক সমিতি’র বাধার মুখে গত ১৪ মে থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১টি রুটে বিআরটিসি’র বাস চলাচল বন্ধ হয়ে যায়।
১৭ মে জনস্বার্থে এ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন বাদি হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।
গত ২৭ জুন আদালতের বিচারক মো. আতোয়ার হোসেন বন্ধ হয়ে যাওয়া রুটগুলোতে বাস চলাচলের নির্দেশ দেন। তিনি আদেশে উল্লেখ করেন, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটগুলোতে বিআরটিসি’র বাস পূর্বের নিয়মানুযায়ী চলাচল করবে।
