স্বাগতিক জার্মানিকে ২ -- ০ গোলে হারিয়ে ফাইনালে ইটালি
জার্মানির ডর্টমুন্ডে ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অতিরিক্ত সময়ের শেষ দু মিনিটের যাদুতে শিরোপার দাবিদার ইটালি স্বাগতিক জার্মানির বিরুদ্ধে অবিস্মরণীয় ২ -- ০ গোলের জয়ে পৌছে গেছে ফাইনালে। ইটালির পক্ষে ডিফেন্ডার ফ্যাবিও গ্রোসো ও ফরোয়ার্ড দেল পিয়েরো গোলদুটি করেন।
প্রথমার্ধের খেলায় উভয় দলই আক্রমণ - পাল্টা আক্রমণে খেলা এগিয়ে নিয়ে যায়। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় জার্মান বিপদ সীমানার কাছে একটি ফ্রি কিক পায় ইটালি। তবে স্ট্রাইকার ফ্রানচেস্কো টট্টি’র মাপা ফ্রি কিকটি দক্ষতার সাথে জার্মান গোলরক্ষক লেহম্যান নিজ আয়ত্তে নিয়ে ইটালির প্রথম সুযোগটি ব্যর্থ করে দেন। খেলার ১৬ মিনিটের সময় গোল করার আরেকটি সুন্দর সুযোগ লাভ করে ইটালি। সতীর্থ টট্টি’র পাসটি মিডফিল্ডার সিমোন পেরোত্তা টেনে নিয়ে যান জার্মান গোলসীমানায়। কিন্তু এবারোও সেই বাধা লেহম্যান যার দক্ষতার কাছে পরাজিত হতে হয় আজ্জুরি এই মিডফিল্ডারের।
এরপর খেলার ৩০ মিনিটের সময় পরপর তিনটি আক্রমণ থেকে কর্নার পায় ইটালি। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।
ইটালি যখন জার্মানির গোলমুখে আক্রমণ করছে ঠিক তখনই একটি পাল্ট আক্রমণ থেকে গোল করার সুবর্ণ একটি সুযোগ পায় জার্মানি। ইটালিয়ান মিডফিল্ডার আন্দ্রিয়া পিরলো’র কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বলটি ঠেলে দেন সতীর্থ øেইডারের কাছে। ইটালিয়ান গোলরক্ষক বুফানকে প্রায় একা পেয়েও গোল করতে পারেননি øেইডার। তার জোরালো শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। এরপর ইটালির বিপদ সীমানায় বেশ কয়েকটি আক্রমণ করে জার্মানিরা। কিন্তু ইটালির শক্তিশালী রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের খেলা গোলশূণ্যভাবেই শেষ হয়।
জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জার্মান ও ইটালি আরো আক্রমনাত্মক খেলতে শুরু করে। এসময়ে উভয় দলের তীব্র প্রতিদ্বন্দ্বীতায় খেলাটি দারুন উপভোগ্য হয়ে ওঠে। বিপুল পরিমান জার্মান সমর্থক এসময়ে স্বাগতিক দলকে উৎসাহ দিতে থাকে। বালাক, ক্লোসা ও পোডোলস্কিরা ইটালির গোলমুখে বারবার আক্রমণ চালায়। অপরদিকে লুকা টনি, টট্টি, সিমোন পেরোত্তা, পিরলো’রাও পাল্টা আক্রমণে জার্মানিদের কোনঠাসা করে রাখে। দারুন উপভোগ্য এই লড়াইয়ে শেষপর্যন্ত কোনো দলই গোলের দেখা না পেলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইটালি। ফরোয়ার্ড আলবার্তো গিলার্ডিনো একাই বল টেনে নিয়ে জার্মানির পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যান। ডিফেন্ডার ক্রিস্টোপ’কে কাটিয়ে জার্মান গোলমুখে শটও নেন । কিন্তু দূভাগ্য ইটালির। আলবার্তোর শটটি জার্মান গোলরক্ষক জেন্স লেহম্যানকে পরাস্ত করলেও বলটি বারের নীচের দিকে লেগে ফিরে আসে। এঘটনার মাত্র এক মিনিট পর আবারও নিশ্চিত গোল থেকে বঞ্চিত হতে হয় আজ্জুরিদের। ডিফেন্ডার গিয়ানলুকা জামব্রোত্তা তার দুর্দান্ত শটে লেহম্যানকে পরাস্ত করতেও বাধ সাধে ক্রসবার।
তবে অতিরিক্ত সময়ের খেলা শেষ হবার মাত্র দু’মিনিট আগে কাঙ্খিত গোলের দেখা পায় আজ্জুরিরা। জার্মান গোলমুখে এক আক্রমণ থেকে সতীর্থ পিরলো’র পাসটি বাম পায়ের দর্শণীয় রেইনবো শটে জার্মানির জালে জড়িয়ে দেন ইটালিয়ান ডিফেন্ডার ফ্যাবিও গ্রোসো। আর এই গোলের সাথে সাথেই জার্মানির এবারের বিশ্বকাপ শিরোপা জয়ের সকল আশা ধূলিস্যাৎ হয়ে যায়।
জার্মানির এই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো কোনো সময় আর না থাকলেও অবিশ্বাস্যভাবে খেলার শেষ সেকেন্ডে আরেকটি দর্শণীয় গোল করে বসেন অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে খেলতে নামা ইটালির তারকা ফরোয়ার্ড দেল পিয়েরো।
এই পরাজয়ের ফলে ডর্টমুন্ডে ইতিপূর্বের ১৪ টি ম্যাচে অপরাজেয় থাকার সকল জার্মান গৌরব মুছে গেল। আর এই জয়ের ফলে ইটালি ১৯৭০ সালের পর থেকে প্রতি তৃতীয় আসরে ফাইনালে খেলার ধারাবাহিকতাকে বজায় রাখলো।
