স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন হত্যার প্রতিবাদ ও শোক
পুলিশি নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের মৃত্যুতে সোমবার রাজধানীতে শোকমিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা।
দেশব্যাপী রাজপথ, রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর মহাখালীতে পিকেটিং করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা মিলন (৪৫) নিহন হন।
মিছিলটি রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা কালো ব্যাজ পরে এবং মিলনের ছবি বহন করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে এবং পুলিশ ও চারদলীয় জোটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তারা জোট সরকারের পদত্যাগ এবং মিলন হত্যার জন্য দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মিলনের লাশ কেড়ে নেওয়া এবং পরিবারের অনুমতি না নিয়ে লাশ পিরোজপুরের ভান্ডারিয়ায় পাঠানোয় তারা পুলিশের ভূমিকার নিন্দা জানায়।
শোকমিছিলে ১৪ দলের শীর্ষ নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, মুকুল বোস, রাশেদ খান মেনন অংশ নেন।
এর আগে সকালে মিলনের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ায় আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে গায়েবানা জানাজা করে।
জানাজা শেষে আওয়ামী লীগ একটি মিছিল বের করে এবং মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
মিলনের স্ত্রী রেখা অভিযোগ করেন, অনুমতি ছাড়া তার স্বামীর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ মিলন হত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল - সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
