পাঁচ বছরে বনভূমি থেকে ৪৫৭ কোটি টাকার রাজস্ব আয় করেছে সরকার
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বলেছেন, বন বিভাগ গত পাঁচ বছরে নিজস্ব বনভূমি থেকে ৪৫৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৪৬ টাকা রাজস্ব আয় করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের চরাঞ্চলগুলোতে বনায়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত রাখতে ১৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে ৯১ হাজার ৩৮১ দশমিক ৪৯ হেক্টর সংরক্ষিত বনভূমি রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, নীলফামারী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় এসব বনভূমির অবস্থান।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে দুই দশমিক ৫৩ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে যা দেশের মোট আয়তনের ১৭ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে এক দশমিক ৫২ মিলিয়ন হেক্টর বন বিভাগের আওতাধীন।
