২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারিতে পুলিশের হাতে ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্ত ও বিচার দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে এশীয় মানবাধিকার কমিশন

চট্টগ্রামের হাটহাজারিতে পুলিশের হাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্ত ও দোষীদের বিচার দাবিতে হংকংভিত্তিক এশীয় মানবাধিকার কমিশনের (এএইচআরসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

রাশেদ উল্লাহ (১৮) নামের ওই যুবককে হাটহাজারি পুলিশ ২৯ জুন ভোরে ধরে নিয়ে নির্যাতন চালায় এবং ওইদিনই সে সে তাদের হেফাজতে থাকা অবস্থায় হাসপাতালে প্রাণ হারায়।

চিঠিতে বলা হয়, আমরা জেনেছি চট্টগ্রাম জেলার উত্তর মাদ্রাসা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ রাশেদ উল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে রাশেদকে বেদম মারধোর করা হয়। এক পর্যায়ে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাটহাজারি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দশ মিনিটের মাথায় সে প্রাণ হারায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরাও নিশ্চিত করেছেন, নির্যাতনে তার মৃত্যু হয়েছে এবং তার শরীবে নির্যাতনের চিহ্ন ছিলো।

নির্যাতিতের পরিবার বলেছে, পুলিশ তাকে কোনও ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে। এবং এ হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশও গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তারা বলেছে, সে গণপিটুনিতে আহত হয়েছিলো।

চিঠিতে বলা হয়, আমরা জেনেছি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও বলেছেন রাশেদ পরিশ্রমী ও সৎ একজন কিশোর ছিলো। সে দিনের বেলা একটি চায়ের দোকান এবং সন্ধ্যায় রিকশা চালিয়ে পরিবারের ভরণ--পোষণ নির্বাহ করতো। এও অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় সন্ত্রাসী ও প্রশাসনের পক্ষ থেকে রাশেদের পরিবারকে মামলা না করার জন্যে চাপ দেওয়া হচ্ছে।

কমিশনের জরুরি আবেদন কার্যক্রমের প্রোগাম অফিসার কিম সু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এ পরিস্থিতিতে এশীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এতে আরও বলা হয়, অভিযুক্তরা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন।