বঙ্গোপসাগরে ১৬ জেলের সলিল সমাধি, ২৫ ট্রলারসহ ৩ শতাধিক নিখোঁজ
বঙ্গোপসাগরে শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে বরগুনা জেলার ১৬ জন জেলের সলিল সমাধি হয়েছে। ২৫টি ট্রলারসহ এখনও তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।
নিহতদের মধ্যে ফারুক হোসেন (৩০), মোস্তফা (৪৫), ইসমাইল (৩৫), আমজেদ হোসেন (৪০), সেলিম (৩০), ইদ্রিস (৫৫), জাহাঙ্গীর (৩০), আজম (৪৫), কবির হোসেন (২৫), শাহজাহান (৩০), সগীর (২৮), আলতাফ হোসেন (৪০) ও দুলালের নাম জানা গেছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে আলাল হোসেনের উদ্বৃতি দিয়ে জানান, শনিবার রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ১৭জন জেলেসহ এফবি জহির নামের ট্রলারটি নারিকেল বাড়িয়া নামক স্থানে তলা ফেটে ডুবে যায়। পরে আলাল নামের ওই ট্রলারের এক মাঝি সাতার দিয়ে অপর একটি ট্রলারে আশ্রয় নিলেও বাকি ১৬ জন জেলের কোন সন্ধান নেই।
ঝড়ের সময় আরও চার পাঁচটি ট্রলার ডুবে যায় বলে আলাল হোসেন জানায়।
এদিকে পাথরঘাটা ট্রলার মালিক সমিতি জানায়, শনিবার রাতের ঝড়ে এখনো তিন শতাধিক জেলেসহ ২৫টি ট্রলার নিখোঁজ রয়েছে। নিখোঁজ ট্রলারের মধ্যে এফবি নাজমা, বিসমিল্লাহ, নীল সাগর, এন হোসেন, প্রতীক, আল মদিনা, আলম, তোতা ও নিজাম নামের ট্রলারগুলোর নাম জানা গেছে।
এর আগে শুক্রবার বঙ্গোবসাগরের পক্ষীদিয়া নামক স্থানে ২২টি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, মাছ, জাল ও যন্ত্রাংশসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় তারা মোহাম্মদ আলী (৩৫), ছগির (৩০), আলম (২০), কুদ্দুস (৪০), মানিক (২০), ইদ্রিস আলী (৪৫) ও জব্বার (৫০) নামের সাত জেলেকে সাগরে নিক্ষেপ করে যারা এখনও নিখোঁজ রয়েছে। জলদুস্যুরা ১৩ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
জাফর (৩০) ও মনির হোসেন (২৫) নামের দুই জেলে ডাকাতদের হাতে গুলিবিদ্ধ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
