সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
সাভারে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আশুলিয়া--ইপিজেড ও ঢাকা--আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলো-- বানু বেগম (৪৫) এবং অজ্ঞাত ব্যক্তি (৩০)।
জানা গেছে, দুপুর ২টার দিকে সাভারের আশুলিয়া--ইপিজেড সড়কের জামগড়া নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো--ট--১১--০২৫৭) বানু বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্যদিকে বিকেলে ঢাকা--আরিচা মহাসড়কে সাভারের সিএন্ডবি স্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
