২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি উৎপাদন বৃদ্ধি করার জন্য পরিকল্পনা নিয়েছে সরকার

একটি পরিপূর্ণ চিংড়ি গবেষণাগার নির্মাণের মাধ্যমে সরকার চিংড়ি উৎপাদন বৃদ্ধি করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 12:04 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এই বিষয়ে একটি চিংড়ি কৌশল অনুমোদন করেছে বলে সূত্র জানায়।

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের নাম প্রকাশে একজন অনিচ্ছুক কর্মকর্তা বিডিনিউজ’কে জানান, “বাগেরহাটে একটি পরিপূর্ণ চিংড়ি গবেষণাগার নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

চিংড়ি পণ্যের গুণাগুণের অভাব ও একটি পরিপূর্ণ গবেষণাগারের অভাবে বিদেশে এই পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি হচ্ছে।

সরকার চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য ইতোমধ্যেই তিনটি পরিকল্পনা হাতে নিয়েছে বলে বুধবার সংসদকে জানান মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

পরিকল্পনাগুলো হল - গলদা চিংড়ি হ্যাচারি এবং প্রযুক্তি উন্নয়ন, বাগদা চিংড়ি চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মৎস্য পরিদর্শন ও গুণগত মান নিয়ন্ত্রণ।

অবকাঠামো নির্মাণ ও আন্তর্জাতিক কারিগরী প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়োজিত ব্যক্তিদের পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে সরকার ও রপ্তানিকারকরা।

সরকারের এই কার্যক্রম সফল করে তোলার জন্য মালিক, কৃষক ও চিংড়ি কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট চিংড়ি উৎপাদনের মূল স্থান।

নিরাপত্তা ও গুণগত মান পরীক্ষার অপ্রতুল ব্যবস্থার কারণে বাংলাদেশের চিংড়ি পণ্য বিদেশে রপ্তানি করতে বাধার সম্মুখিন হচ্ছে। ১৯৯৭ সালের ৩০ জুলাই ইউরোপীয় ইউনিয়ন প্রথমবার বাংলাদেশ থেকে চিংড়ি পণ্য আমদানী করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।