২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রতিবছর বাজেটে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনের জন্য বরাদ্দ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো কর্মসূচি ছাড়াই শনিবার পালিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় দিবস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি-বিশ্ববিদ্যালয়প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

১৯২১ সালের ১ জুলাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিন বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে গণ্য হয়ে থাকলেও বিগত কয়েক বছর ধরে কর্তৃপক্ষ দিবসটি পালনের ব্যাপারে একেবারেই উদাসীন।

এবার দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচী গ্রহণ না করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং দৈনিক আমার দেশ যৌথভাবে ‘ঢাবি’র ৮৫ বছর: অতীত ও বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

বানিজ্য অনুষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপ - উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক শহীদউদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, আমার দেশ এর সম্পাদক আমানুল্লাহ কবীর প্রমুখ।

অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ জাতিসত্ত্বার উদ্ভব হয়েছে। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হলে এ অঞ্চলের জাতিগত সার্বভৌমিকতা এবং অধিকার বোধের লড়াই হতোনা ।

উপ - উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব ইতিহাস সৃষ্টিতে ছাত্র - শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। তাই প্রতিবছর এ দিবস উদযাপনের আয়োজন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, কেন্দ্রীয়ভাবে এ দিবস উদযাপনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করতে হবে। যাতে নতুন প্রজন্ম গৌরবোজ্জল ইতিহাস সম্বন্ধে সচেতন হতে পারে।

তিনি আরো বলেন, ৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিরুদ্ধে ঢালাও বক্তব্য না দিয়ে বরং প্রয়োজন সাপেক্ষে এর কিছু অংশকে সংযোজন, বিয়োজন এবং পরিমার্জন করা উচিত।               

২০০৬ - ০৭ অর্থবছরে এ দিবস পালনের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৫ - ০৬ অর্থবছরে বরাদ্দ ছিলো দুই লাখ টাকা।