২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট

সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি ও কলেজ শিক্ষার্থীরা ধর্মঘট আহবান করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শনিবার রংপুর প্রেসক্লাবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশন ও কলেজ ছাত্র সংসদের নেতারা এ ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৯ জুন কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র কুতুব রংপুর হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন এলাকার একটি দোকানে মোবাইল ফোনের কার্ড কেনার জন্য গেলে দোকানদার স্বপন অতিরিক্ত মুল্য দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকাদার কুতুবকে লাঞ্ছিত করে।

পরবর্তীতে কলেজের সাধারণ ছাত্ররা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে, দোকানদার স্বপনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।  এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। ওই দিন রাতে ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা ঃ আলী রেজা আলবেরুনী জরুরী বিভাগের গেট দিয়ে কর্তব্য পালনের জন্য যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

ইন্টার্নি চিকিৎসক নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালকের কাছে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জরুরী বিভাগ সংলগ্ন অবৈধ দোকান পাঠ উচ্ছেদের দাবি জানায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়।

ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, কর্মবিরতি চলাকালে তারা কার্ডিওলজি বিভাগ ও শিশু বিভাগে দায়িত্ব পালন করবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি আলী রেজা আলবেরুনী, সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ,  ডাক্তার আরাফাত, রংপুর মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।