২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে উদীচী হত্যা মামলার রায় প্রত্যাখান করে নতুন তদন্ত দাবী করেছে উদীচী শিল্পীগোষ্ঠি

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নেতৃবৃন্দ শুক্রবার যশোরে স্পর্শকাতর উদীচী হত্যাকাণ্ড মামলার রায় প্রত্যাখান করে ওই হত্যার ঘটনায় নতুন করে তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হলে উদীচীর সম্মেলনস্থলে দূস্কৃতিকারীরা পরপর দুইটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১০ জন নিহত ও শতাধিক আহত হয়।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে শুক্রবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ৭ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেন।

দেশব্যাপী বিক্ষোভ ছাড়াও তারা মতবিনিময় বৈঠক ও ডেপুটি কমিশনারদের কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উদীচীর নেতৃবৃন্দ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় সোচ্চার হয়ে উঠার জন্যও নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইদু, ব্যারিস্টার আরশ আলী, আব্দুস শহীদ লাল, মোহাম্মদ সেলিম, মানজার চৌধুরী সুইট ও প্রবীর সর্দার।

এদিকে উদীচী হত্যাকান্ডের বিচার পুনরায় শুরু করার দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার সকালে মানববন্ধন  কর্মসূচি পালন ও বিক্ষোভ সমাবেশ করে।

জেলা প্রেসক্লাবের সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস, মকসুদ আহমেদ রাজা, আবুল কালাম আজাদ, অধ্যাপক সৌমেন দাস ভরত প্রমুখ।