বিল্স-এর সমীক্ষা: ছয় মাসে কর্মস্থলে দুর্ঘটনা ও সহিংসতায় ২৭২ শ্রমিক নিহত, আহত ১৫০৫ ধর্ষণের শিকার ৩৩
২০০৬ সালের প্রথম ছয় মাসে সারা দেশে বিভিন্ন ধরনের পেশাগত দুর্ঘটনা, কর্মক্ষেত্রে সহিংসতা ও অত্যাচার নীপিড়নের শিকার হয়ে কমপক্ষে ২৭২ জন শ্রমিক নিহত ও ১৫০৫ জন শ্রমিক আহত হয়েছে।
ধর্ষনের শিকার হয়েছে ৩৩ জন নারী শ্রমিক। এদের মধ্যে ৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতদের মধ্যে ৮৩ জন এবং আহতদের মধ্যে ৫৩৪ জন নারী শ্রমিক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স সংবাদপত্র ভিত্তিক জরিপ প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করে। বাংলা ও ইংরেজি মাধ্যমের ১৬টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি এ রিপোর্টে দেখা যায় নিহতের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে গার্মেন্টস শিল্প। গত ছয় মাসে এ শিল্পে ছোট বড় দুর্ঘটনা বা সহিংসতায় নিহত হয়েছে ৮৮ জন শ্রমিক এবং আহত হয়েছে ৮৭৪ জন। এর মধ্যে চট্টগ্রামে কেটিএস গার্মেন্টস কারখানায় আগুনে নিহত হয় ৬৪ জন শ্রমিক এবং আহত হয় ১৫০ জন। কেটিএস-এ নিহতদের মর্ধে ৪৭ জনই নারী শ্রমিক। এ খাতে সর্বাধিক সংখ্যক ২২ জন শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে।
জরিপ প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে নির্মাণ খাত। ছোটবড় ঘটনায় কমপক্ষে ৫৮ জন নির্মাণ শ্রমিক নিহত ও ১৩১ জন আহত হয়েছে।
গৃহস্থালী কাজে নিযুক্ত শ্রমিকদের মধ্যে রিপোর্টিং সময়ে ১৩ টি হত্যাকাণ্ড ঘটেছে। নির্যাতনে আহত হয়েছে ১৭ জন এবং ধর্ষণের শিকার হয়েছে ৯ জন। এদের মধ্যে ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পরিবহন খাতে শ্রমিক হত্যার হিসেবে দেখা যায়, এ খাতে মোট নিহত হয়েছে ১৪ জন শ্রমিক। এ ছাড়া ৮ জন দোকান কর্মচারী খুন হয়েছে রিপোর্টিং সময়ে।
রিপোর্টে বলা হয়, পরিবহণ ও দোকান কর্মচারীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মালিকের কাছে চাঁদা চাইতে এসে সন্ত্রাসীরা মালিককে না পেয়ে শ্রমিকদের হত্যা করেছে।
রাইস মিলে বয়লার বিষ্ফোরণ সহ বিভিন্ন কারখানায় বয়লার, সিলিন্ডার গ্যাসপাইপ বিষ্ফোরণের ঘটনায় প্রাণহানি ঘটেছে ৫ জনের। এতে আহত হয়েছে ৯০ জন শ্রমিক।
জাহাজভাঙ্গা শিল্পে দুর্ঘটনার হার কমে এসেছে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ছয় মাসে এ শিল্পে নিহত হয়েছে ২ জন শ্রমিক। ম্যানহোল বা সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় ৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছে। এছাড়া অন্যান্য খাতে দুর্ঘটনায় নিহত হয়েছে ৮৫ জন আহত ৪৮৪ জন এবং ধর্ষণের শিকার হয়েছে ২ জন।
জরিপে পেশাগত দুর্ঘটনার এবং কর্মক্ষেত্রে শ্রমিকের বিরুদ্ধেসহিংসতার চিত্র পৃথকভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরণের পেশাগত দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে ২২০ জন , আহত হয়েছে ১০২৭ জন শ্রমিক। আর সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছে ৫২ জন, আহত ৪৭৮ জন ও ধর্ষণের শিকার হয়েছে ৩৩ জন।
প্রতিবেদনে বলা হয়, রিপোর্টিং কালে মে ও জুন মাস জুড়ে সাভারে ডিইপিজেড এলাকায় বেতন ভাতার দাবিতে আন্দোলণরত শ্রমিকদের ওপর হামলা ও তিন শ্রমিককে হত্যা ও শতাধিক আহত ও গ্রেফতারের প্রতিবাদে সৃষ্ট অসন্তোষের জের ধরে পরবর্তী গার্মেন্টস শ্রমিকদের ভাংচুর ও কর্মস্থল বর্জনের ঘটনা ঘটে। এবং তারই জের ধরে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা ও গ্রেফতার চলেছে পুরো সময় জুড়ে। এসময় কারখানা ম্যানেজার অন্তঃসত্ত্বা শ্রমিকের পেটে লাথি মেরে গুরুতর অসুস্থ্য করার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করে এর নিন্দা জানানো হয়।
