আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শওকত আলী খান মারা গেছেন
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বার কাউন্সিলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শওকত আলী খান বৃহস্পতিবার রাত ১১ টায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি প্রায় ছয় মাস যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, পাঁচ কন্যা, আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যারিস্টার শওকত আলী ১৯৭০ সালে মির্জাপুর থেকে এবং ১৯৭৩ সালে নাগরপুর থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।
শুক্রবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারের লাউহাটি মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
