অস্থায়ী রাষ্ট্রপতির সাথে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকায় ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত নিয়েলস সেভেরিন মুঙ্ক বুধবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সাথে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি এসময় বাংলাদেশে তার অবস্থানকালে যেসব সাফল্য অর্জন করেছেন তার প্রশংসা করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও তার জনগণের প্রতি ডেনমার্কের সরকার ও তার জনগণ যে সহযোগিতার হাত প্রসারিত করেছিলো তা স্মরণ করে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতিদানের ক্ষেত্রে প্রথম দিকের কয়েকটি ইউরোপীয় দেশের মধ্যে ডেনমার্ক অন্যতম।
সাম্প্রতিক সময়ে ডেনমার্কের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিরও প্রশংসা করেন তিনি।
বিদায়ী রাষ্ট্রদূত এসময় দুদেশের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন খাতে বাংলাদেশের ক্রমান্নতির প্রশংসা করেন। তার দেশ বাংলাদেশের প্রতি সহায়তা প্রদান অব্যহত রাখবে বলে উল্লেখ করেন বিদায়ী ড্যানিশ রাষ্ট্রদূত। ২০০৭ সালে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপতির সচিব এএফএম সোলায়মান চৌধুরী, এমএসপি মেজর জেনারেল এএনএম মুনিরুজ্জামান, প্রেস সেক্রেটারি মোখলেসুর রহমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডেনমার্ক দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
