২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ক্রসফায়ারে ৩ জন নিহত

চট্টগ্রাম ও কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের পৃথক ক্রসফায়ারে বুধবার ভোরে তিনজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 12:22 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতারা হচ্ছে -- মোশারফ হোসেন তাবেদীন, নুরুল ইসলাম এবং মারজুল ওরফে গুড্ডু।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব সদস্যরা মঙ্গলবার মিরসরাই থানার গাজবাড়িয়া এলাকা থেকে সন্ত্রাসী তাবেদীনকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মিরসরাই থানার জোয়ারা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাবেদীনের সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় তাবেদীন র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, পাঁচটি কার্তুজ এবং দু’টি চাপাতি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত তাবেদীনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সারিন্দা বেড়িবাঁধে এক দল ডাকাত ধরতে অভিযান চালায়। এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ডাকাত নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, নিহত ডাকাত নুরুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের তমাল তলা পাকা সড়কের কাছে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী মারজুল ওরফে গুড্ডু নিহত হয়।

পুলিশ জানায়, সদরপুর ইউনিয়নের হিদিরামপুর গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী মারজুলকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়।

মারজুলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তমাল তলা পাকা সড়কের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মারজুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় মারজুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মারজুলের বিরুদ্ধে তিনটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।