ঘানাকে ৩ - ০ গোলে হারিয়ে শেষ আটে ব্রাজিল
জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আফ্রিকান দল ঘানাকে ৩ -- ০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনের আরো এক ধাপ এগিয়ে গেছে। ব্রাজিলের পক্ষে তারকা স্ট্রাইকার রোনাল্ডো, আদ্রিয়ানো এবং জে রবার্টো গোল তিনটি করেন।
খেলা শুরুর মাত্র পঞ্চম মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। মিডফিল্ডার কাকা মাঝমাঠ থেকে ডান দিকে চমৎকার একটি পাস ঠেলে দেন সতীর্থ স্ট্রাইকার রোনাল্ডোর কাছে। রোনাল্ডো বলটি নিয়ে দুর্দান্ত এক ড্রিবলিংয়ে ঘানার বিপদ সীমানায় ঢুকে পড়েন। ঘানার গোলরক্ষক রিচার্ড কিংসনকে বোকা বানিয়ে বিশ্বকাপ আসরে ব্যক্তিগত ১৫তম গোলটি দর্শণীয়ভাবে জালে জড়িয়ে দেন। আর এ গোলের মধ্য দিয়ে রোনাল্ডো ছাড়িয়ে গেলেন ১৯৭৪ এর বিশ্বকাপ আসরে জার্মানির সাবেক অধিনায়ক গার্ড মুলারের গড়া ১৪ গোলের রেকর্ডকে।
প্রথমার্ধের খেলার ১২ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো গোল করার আরেকটি চমৎকার সুযোগ পান। মিডফিল্ডার জোসে রবার্টো’র দেওয়া নিখুঁত একটি পাস ঘানার গোলমুখে টেনে নিয়ে যান আদ্রিয়ানো। কিন্তু ঘানার গোলরক্ষক চমৎকার দক্ষতাই সুযোগ হারান আদ্রিয়ানো।
তবে প্রথমার্ধের শেষ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করতে মোটেই ভুল করেননি এ ব্রাজিলিয়ান। ঘানার পেনাল্টি বক্সের মধ্যে ব্রাজিলের অধিনায়ক কাফুর এগিয়ে দেওয়া বলটি আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন আদ্রিয়ানো। ফলে প্রথমার্ধের খেলায় ২ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নবাগত ঘানা সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে শুরু করে । আর ব্রাজিল স্বভাব বিরুদ্ধ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে। ঘানার মুহুর্মুহু আক্রমণে ব্রাজিলের শক্ত রক্ষণব্যুহ বেশ কয়েকবার এলামেলোও হয়ে যায়। চমৎকার কয়েকটি আক্রমণে গোলের সুযোগ সৃষ্টি হলেও দক্ষ স্কোরারের অভাবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ঘানা। খেলার ৮০ মিনিটের মাথার স্লোভাকিয়ার রেফারি লুবোস মিচেল ঘানার ফরোয়ার্ড গিয়ান আসামোয়াকে ফাউল আদায়ের অভিনয় করার জন্য দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখালে ১০ জনের দলে পরিনত হয় ঘানা ।
এ ঘটনার মাত্র ৩ মিনিটের মধ্যেই খেলার তৃতীয় ও শেষ গোলের দেখা পায় ব্রাজিল। ঘানার অফ সাইড ট্র্যাপ’কে ফাঁকি দিয়ে ব্রাজিলীয় ফরোয়ার্ড জে রবার্টো গোলরক্ষক কিংসনকে পরাস্ত করেন।
নক আউট পর্বের অপর খেলায় ফ্রান্স মুখোমুখি হচ্ছে ‘এইচ’ গ্র“পের চ্যাম্পিয়ন দল স্পেনের। এ ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে ব্রাজিল ২ জুলাই ফ্রাঙ্কফুর্র্টে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
