চাঞ্চল্যকর উদীচী হত্যা মামলার রায় বুধবার
চাঞ্চল্যকর উদীচী হত্যা মামলার রায় বুধবার ঘোষণা হবে। অধিকতর শুনানি শেষে মঙ্গলবার আদালত এ ঘোষণা দেন।
এর আগে গত ৩০ মে এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও আদালত অধিকতর শুনানির জন্য সেদিন রায় ঘোষণা করেননি। ওইদিন তিনি শুনানির জন্য ২৭ জুন তারিখ নির্ধারণ করেন।
মঙ্গলবার এজলাসে উঠে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আবুল হোসেন ব্যাপারী বহুল আলোচিত উদীচী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত রিপোর্ট সম্পর্কে সরকার পক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের কাছে জানতে চান। আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্ত রিপোর্টের তীব্র সমালোচনা করেন। তিনি তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন উদ্ধৃত করে সিনিয়র আইনজীবীদের কাছে জানতে চান, ‘আইও রিপোর্ট সঠিকভাবে না হলে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কি-না’। সিনিয়র আইনজীবীরা এ সময় আইনের বিভিন্ন ধারা ব্যাখ্যা করেন। পরে আদালত ঘোষণা দেন বুধবার এ মামলার রায় ঘোষণা হবে।
১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের গানের আসরে আকস্মিক দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে সাংস্কৃতিক কর্মীসহ ১০জন নিহত এবং কয়েকশ’ লোক আহত হয়। পরদিন ৭ মার্চ কোতোয়ালি থানার তৎকালীন এসআই আব্দুল আজিজ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে একটি এবং হত্যাকাণ্ডের দায়ে একটিসহ মোট দুটি মামলা করেন। পরে সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলালউদ্দিন আকন্দ তদন্ত শেষে ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর অভিন্ন ২৪ জনকে আসামি করে আদালতে মামলা দুটির চার্জশিট দাখিল করেন।
আসামিদের মধ্যে বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করলে ২০০৩ সালের ১২ আগস্ট আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। ফলে মামলা দুটির আসামির সংখ্যা দাঁড়ায় ২৩।
মামলার ২৩ আসামির মধ্যে একমাত্র মিজানুর রহমান মিজান পলাতক রয়েছে। আসামি আহসান কবির হাসান, মেহেদী হাসান লিটু, শরিফুল ইসলাম মিন্টা, রবিউল ইসলাম মরণ এবং সাইফুল ইসলাম জেলহাজতে রয়েছে। এই পাঁচজনসহ ২২ জন আসামি মঙ্গলবার আদালতে হাজির ছিল।
