সংসদে বাজেট আলোচনা অব্যাহত
জাতীয় সংসদে ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনা অব্যাহত রয়েছে। আগামী ২৯ জুন সংসদে বাজেট পাসের লক্ষ্যে নির্ধারিত সময় আলোচনা শেষ করতে মঙ্গলবার থেকে সংসদের বৈঠক দু’বেলা করে শুরু হয়েছে।
এদিন সকালের বৈঠকে সরকারি ও বিরোধী দলের মোট ১২ জন সদস্য আলোচনায় অংশ নেন।
সদস্যরা হচ্ছেন -- সরকারি দলের বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর, ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অধ্যাপক জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন ফারুক, বেগম সারোয়ারী রহমান, সালাউদ্দিন আহম্মেদ, কেএম আনোয়ারুল ইসলাম এবং হোসনে আরা গিয়াস, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, এএসএইচকে সাদেক, ডা. আমানউল্যাহ, জাতীয় পার্টির শাহ মোহাম্মদ সোলায়মান আলম, মেরিনা রহমান, জামায়াতের আব্দুস সুবহান ও স্বতন্ত্র সদস্য এমএম শাহীন।
আব্দুর রাজ্জাক বলেন, প্রস্তাবিত বাজেট তিন সরকারের বাস্তবায়নের বাজেট। কিন্তু এ বাজেট কখনোই বাস্তবায়িত হবে না। এটা ধোকাবাজ ও দায়িত্বহীন বাজেট। ইসলামী মূল্যবোধের কথা বলে এ বাজেটে পানি আর মদের দাম সমান করা হয়েছে।
তিনি বলেন, জোট সরকার সংসদীয় গণতন্ত্র ধ্বংস করছে। জামাতের দৌরাত্মে বিএনপিও কোণঠাসা হয়ে পড়েছে। সংসদেও তারা ঠিকমতো কথা বলতে পারছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এক দেশে দুই রাষ্ট্রপতি কি করে হয়। অস্থায়ী রাষ্ট্রপতিও বিব্রত বোধ করছেন।
এএসএইচকে সাদেক জোট সরকারকে ‘বেতালা সরকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ বাজেট গণমুখি নয়। বাজেটে দেশের চার কোটি ৪৩ লাখ কর্মক্ষম জনশক্তির সমস্যা সমাধানে কোন উক্তি নেই।
তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত মাত্র ৬৩ শতাংশ রাজস্ব আদায় করা হয়েছে। অন্যদিকে সরকার ১৪ হাজার ৫৮০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছে।
