শেষ মিনিটের পেনাল্টি গোলে কোয়ার্টার ফাইনালে ইটালি
জার্মানির কাইজারস্লটার্নে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম খেলায় ইটালি তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় শেষ মিনিটের পেনাল্টি গোলে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
দ্বিতীয়ার্ধের চার মিনিটে মাথার রেফারি লুইস মেডিনা ক্যান্টালেজো ডিফেন্ডার মার্কো ম্যাটেরাজ্জিকে বিপদজনক ফাউল করার জন্য লাল কার্ড দেখালে ইটালি ১০ জনের দলে পরিনত হয়।
খেলার মাত্র ৩ মিনিটের মাথায় গোল করার চমৎকার একটি সুযোগ পায় ইটালি। অস্ট্রেলিয়ার পেনাল্টি বক্সের মধ্যে ইটালিয়ান ফরোয়ার্ড দেল পিয়োরো অপর স্ট্রাইকার লুকা টনির কাছে নিখুঁত একটি ক্রস তুলে দেন। কিন্তু টনি অস্ট্রেলিয়ার গোলরক্ষক মার্ক স্যুয়ারজারকে পরাস্ত করলেও বলটি জালে জড়াতে ব্যর্থ হন।
প্রথমার্ধের খেলায় অস্ট্রেলিয়া ইটালির জালে বল জড়ানোর সুবর্ণ সুযোগটি পায় খেলার ২৯ মিনিটে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্কট চিপারফিল্ড ইটালির পেনাল্টি বক্সের মধ্যে বল নিজের আয়ত্তে এনে গোলের মুখে জোরালো এক শট নেন। কিন্তু বলটি সোজা ইটালিয়ান গোলরক্ষক বাফুনের হাতে চলে গেলে সুযোগটি নস্যাৎ হয়ে যায়। এরপর উভয় দলই আক্রমণ - পাল্টা আক্রমণে খেলা এগিয়ে গেলেও প্রথমার্ধের খেলা গোলশূণ্যই থেকে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে খেলতে শুরু করে অপেক্ষাকৃত শক্তিশালী ইটালি দল। কিন্তু মাত্র ৪ মিনিটের মাথায় আক্রমণাত্মক খেলা থেকে রক্ষণাত্মক খেলায় নেমে আসতে বাধ্য হয় তারা। অস্ট্রেলিয় মিডফিল্ডার মার্কো ব্রেসিয়ানোর একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইটালিযান ডিফেন্ডার মার্কো ম্যাটেরাজ্জি ব্রেসিয়ানোকে বাজেভাবে ফাউল করে বসেন । সাথে সাথেই রেফারি লুইস মেডিনা ক্যান্টালেজো লাল কার্ড দেখিয়ে ম্যাটেরাজ্জিকে মাঠ থেকে বহিস্কার করলে ইটালি দশজনের দলে পরিনত হয় । মুহুর্তের মধ্যেই পরিবর্তিত ছকে খেলতে শুরু করলেও বাকী সময়টুকু আর স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ইটালিয়ানরা।
তবে দশজন ফুটবলারকে নিয়েই অস্ট্রেলিয়ার মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম হয় ইটালি। আরো আশ্চর্যের যে, খেলার ৫ সেকেন্ড বাকী থাকতেই এক নাটকীয় পেনাল্টি আদায় করতে সমর্থ হয় ইটালিয়ান ডিফেন্ডার ফ্যাবিও গ্রোসো। অস্ট্রেলিয় পেনাল্টি বক্সের মধ্যে বল নিয়ে এগিয়ে যাওয়া ফ্যাবিওকে বাঁধা দেবার চেষ্টা করেন অস্ট্রেলিয় ডিফেন্ডার লুকাস নেইল। এসময়ে ফ্যাবিও পুরোপুরি নাটক করে পড়ে গিয়ে রেফারি লুইস মেডিনার কাছ থেকে পেনাল্টি আদায় করেন। আর এই পেনাল্টি থেকে ইটালিয়ান স্ট্রাইকার ফ্রানচেস্কো টট্টি গোল করে দলের জন্য জয় ছিনিয়ে আনেন।
নক আউট পর্বের আরেক খেলায় নবাগত ইউক্রেন মুখোমুখি হচ্ছে ‘জি’ গ্র“পের চ্যাম্পিয়ন দল সুইজারল্যান্ডের। এই খেলার বিজয়ী দলের বিরুদ্ধে ইটালি ১ জুলাই হামবুর্গে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
