আত্মাহুতি দেওয়ার ঘোষণায় অনড় ১৫ কমিউনিটি প্রাথমিক শিক্ষক
নগরীর শহীদ মিনারে আন্দোলনরত কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা মঙ্গলবার গায়ে আগুন জ্বালিয়ে আত্মাহুতি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আত্মাহুতি দিতে প্রস্তুত এমন ১৫ জন শিক্ষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, আমরণ অনশন কর্মসূচির নবম দিন সোমবার বিকাল ৫টায় পূর্ব ঘোষিত আল্টিমেটামের মেয়াদ পার হলেও কমিউনিটি শিক্ষকদের সাথে সরকার পক্ষ থেকে কোনও যোগাযোগ না করায় তারা পূর্বঘোষিত এ কর্মসূচিতে অনড় থাকেন।
বেতন বৈষম্য দূরীকরণ, চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা নগরীর মুক্তাঙ্গণ ও শহীদ মিনারে তাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত রেখেছেন।
এদিকে, সোমবার ২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হচ্ছেন কুমিল্লার শিক্ষক ইমাম আলী এবং যশোরের ধুনি উপজেলার দোলনঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা।
রাজনৈতিক পর্যায়ের শীর্ষ নেতারা আন্দোলনরত শিক্ষকদের সাথে সাক্ষাৎ করলেও কোনও আশ্বাস দেন নি বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের বেতন বৈষম্য দূরীকরণ, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ২১ দফা দাবিতে মুক্তাঙ্গনে অনশনরত অবস্থায় রয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আরেক অংশ একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত রয়েছে। বেতন বৈষম্য দূরীকরণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানান এ অংশের নেতৃবৃন্দ।
এদিকে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি জাতীয় স্কেলে তাদের বেতন অন্তর্ভুক্তির দাবিতে মুক্তাঙ্গনে সোমবার মহাসমাবেশ করে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। সংবাদ বিজ্ঞপ্তিতে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই সরকারকে শিক্ষকদের দাবী দাওয়া মেনে শিক্ষার সুষ্ঠুৃ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
