২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র ২০০৫ - ০৬ সালের সংশোধিত এবং ২০০৬ - ০৭ সালের বাজেট বুধবার সিনেটে অনুমোদন হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫তম বার্ষিক সভায় বুধবার ২০০৫ - ০৬ সালের সংশোধিত এবং ২০০৬ - ০৭ সালের মূল বাজেট অনুমোদন করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সিনেটের ওই সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান। 

সূত্র জানায়, ২০০৬ - ০৭ সালের মূল বাজেট ৪৩ কোটি টাকা এবং ২০০৫ - ০৬ সালের সংশোধিত বাজেট ৩৭ কোটি ৭৫ লাখ টাকা ধার্য করা হয়েছে।

গত ২০০৫ - ০৬ সালের মূল বাজেট ছিল ৩৬ কোটি ২৩ লাখ টাকা। নতুন বছরের বাজেটে ২৪ লাখ চার হাজার টাকা ঘাটতি দেখানো হয়েছে।

২০০৬ - ০৭ সালের মূল বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা বাবদ শতকরা প্রায় ৬৮ ভাগ বরাদ্দ ধরা হয়েছে।

অন্যদিকে ছাত্র বৃত্তি ও ফেলোশিপ খাতে এক দশমিক ২৮ ভাগ এবং শিক্ষা বৈজ্ঞানিক সরঞ্জাম খাতে এক দশমিক ৫৬ ভাগ বরাদ্দ ধরা হয়েছে।

তবে ২০০৬ - ০৭ সালের মূল বাজেটে নতুন বরাদ্দ হিসেবে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমা খাতে সাত লাখ টাকা এবং নতুন চাহু হওয়া লোক প্রশাসন ও মাইক্রোবায়োলোজি বিভাগের জন্য ১২ লাখ পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে।

এছাড়াও ২০০৬ - ০৭ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতে সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এদিকে বুধবার বিকেলে অনুষ্ঠেয় সিনেট সভায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর বিভিন্ন উপধারা মোতাবেক সিনেট সদস্যদের মধ্যে থেকে দুইজন সিন্ডিকেট সদস্য, একজন অর্থ কমিটির সদস্য এবং সিনেট সদস্য বহির্ভূত বিশিষ্ট নাগরিক হিসেবে একজন সিন্ডিকেট সদস্য নির্বাচিত করা হবে।