খতমে নবুয়তের ডাকে নগরীর উত্তরাংশে হরতাল পালিত
খতমে নবুয়তের ডাকে রোববার রাজধানীর উত্তরাংশে ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। তবে এ হরতালকে সমর্থন করেননি জনগণ।
আহমদীয়া বিরোধী এ সংগঠন রাজধানীর পাঁচটি থানায় এ হরতালের ডাক দেয়।
উত্তরায় শুক্রবার আহমদীয়া মসজিদ দখল করতে গেলে খতমে নবুয়ত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে তারা হরতালের ডাক দেয়।
হরতালে জনজীবনে তেমন কোনে প্রভাবই পড়েনি। হরতাল চলাকালে খিলক্ষেত, উত্তরা, বিমান বন্দর, তুরাগ এবং টঙ্গী এ পাঁচটি থানায় যান চলাচল স্বাভাবিক ছিলো। সকল ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠান যথারীতি অন্যান্য দিনের মত খোলা ছিলো।
তবে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
আহমদীয়াদের অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুয়ত এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে আহমদীয়া সম্প্রদায়ের বেশ কিছু মসজিদ দখল করার চেষ্টা চালাচ্ছে।
