উপমন্ত্রী মনিস্বপনের ক্ষোভ এখন প্রধানমন্ত্রীর বিবেচনায়
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানের অভিযোগের বিষয়টি এখন সরাসরি প্রধানমন্ত্রীর বিবেচনাধীন।
সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় সংশি¬ষ্ট সচিবের সঙ্গে উপমন্ত্রীর দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরই পরিপ্রেক্ষিতে উপমন্ত্রী শিগগিরই পদত্যাগ করছেন না।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব খান এম. ইব্রাহিম হোসেন বলছেন ভিন্ন কথা। তার দাবি, উপমন্ত্রীর সঙ্গে তার আদৌ কোনো বিরোধ নেই।
সাবেক গেরিলা গ্র“প শান্তি বাহিনীর নেতা, উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, আমি রোববার নিজেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে বিষয়টি নথিপত্রসহ তুলে ধরেছি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খান এম. ইব্রাহিম হোসেন আমাকে অবহিত না করেই একের পর এক বেআইনী সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে বলেছি, মন্ত্রীসভার একজন সদস্য হিসেবে এতে শুধু আমারই সম্মানহানী হচ্ছে না। এর সঙ্গে সরকারের মান - মর্যাদার প্রশ্ন জড়িত।
উপমন্ত্রী মনিস্বপন জানান, প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয় এখন বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছে। তাকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত বিষয়টির নিস্পত্তি করা হবে। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখনই তিনি পদত্যাগ করছেন না।
তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার নাম উচ্চারণ না করে বলেন, সচিবের ক্ষমতার উৎস কি, তাও খতিয়ে দেখতে হবে। এমনও তো হতে পারে, তিনি বিশেষ কারো আজ্ঞাবহ হিসেবে কাজ করছেন!
উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে তার বিরোধ প্রায় বছর দুয়েক ধরে প্রাকাশ্য। মাস দুয়েক আগেও উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এক দফা পদত্যাগের হুমকি দেন।
অভিযুক্ত সচিব খান এম. ইব্রাহিম হোসেন বিডিনিউজকে বলেন, উপমন্ত্রীর সঙ্গে আদৌ আমার কোনো দ্বন্দ্ব নেই। সামান্য যে মতপার্থক্য ছিলো, তাও নিরসন হয়েছে।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়কে এরই মধ্যে একাধিকবার বিষয়টি জানিয়েছি।
