২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের মালবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ আগুন, ৩জন নিখোঁজ, আহত ১৫, আপডেট

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর বিভাগে শনিবার শিপিং করপোরেশনের অয়েল ট্যাংকার ‘বাংলার সৌরভে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিখোঁজ রয়েছে ও আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নৌ বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় জাহাজটি সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর বিভাগের চ্যানেল -- সি'তে নোঙ্গর করা ছিল।

প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা শুধু বিস্ফোরণের একটি শব্দ শুনলাম। আমরা তখনও জানতাম না আসলে কি ঘটেছে।

একটি সূত্র জানায় ওই ট্যাংকারে ৪৮জন কর্মকর্তা ও কেবিন ক্রু এবং ২০জন শ্রমিক ছিলো।

ট্যাংকারের বেশিরভাগ সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জহিরুল ইসলাম ও সেকেন্ড ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিপিং করপোরেশন ১৯৮৭ সালে এটি কেনে। কার্গো জাহাজটির মালামাল ধারণ ক্ষমতা ১৪ হাজার ৫৪১ টন।

নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড ও নৌ বন্দর কর্তৃপক্ষ বেলা ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা তদন্তে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।