ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২ - ২ গোলে ড্র করে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ‘এফ’ গ্র“পের ম্যাচে ২ - ২ গোলে ড্র করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেছে।
খেলার ১০ মিনিট বাকি থাকতে লিভারপুলের তারকা অসি ফরোয়ার্ড হ্যারি কেওয়েলের গোলে ম্যাচের সমতা ফেরায় অসিরা। ৩২ বছর পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ফুটবল খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠে গেল অস্ট্রেলিয়া।
খেলার দুই মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জারিজো সারনা। ফ্রি--কিক থেকে অসি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করেন তিনি।
গোল হজম করলেও আত্মবিশ্বাস হারায়নি সকারুরা। অসি কোচ গাস হিডিংক যার অধিনে দক্ষিণ কোরিয়া ২০০২ সালের বিশ্বকাপ আসরের সেমি--ফাইনালে উঠেছিল, তিনি সকারুদের উপর তখনও আত্মবিশ্বাস হারাননি।
কাউন্টার অ্যাটাক থেকে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ক্রোয়েশিয়ার ডি--বক্সের মধ্যে বল নিয়ে গেলে ক্রোয়েট খেলোয়াড় স্টিফেন টমাসের হাতে বল লাগে। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রেইগ মুর।
দ্বিতীয়ার্ধে উভয় দলই একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে। তবে ৫৬ মিনিটের মাথায় প্রথম সফলতা পায় ক্রোয়েশিয়া। অসি ডিফেন্ডারদের ভুলে ক্রোয়েশিয়ান খেলোয়াড় নিকো কোভাসের শট থেকে গোল পেয়ে যায় ক্রোয়েশিয়া।
কিন্তু গোল খেয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টায় আবারও মরিয়া হয়ে উঠে সকারুরা। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় স্বপ্নের গোলটি সকারুদের উপহার দেন ফরোয়ার্ড কেওয়েল। সতীর্থ খেলোয়াড় ব্রেসসিয়ানোর পাস থেকে কেওয়েলের দূরপাল্লার শট সকারুদের দ্বিতীয় রাউন্ডে নিয়ে যায়।
দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ শিরোপা জয়ী ইটালির।
