২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কাছে ৪ - ১ গোলে পরাস্ত জাপান, মুলারের রেকর্ড স্পর্শ করলো রোনাল্ডো

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার ‘এফ’ গ্র“পের ম্যাচে ৪ - ১ গোলে জাপানকে পরাজিত করে শীর্ষস্থান দখল করেছে। ম্যাচে রোনাল্ডো দু’টি গোল করে বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতা জার্মানির গার্ড মুলারের সাথে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

জার্মানি বিশ্বকাপ আসরের প্রথম দু’টি ম্যাচে ব্রাজিলীয় স্ট্রাইকার রোনাল্ডোর খেলা দেখে অনেকেই সমালোচনা করেছিল। কিন্তু সেইসব কথায় কান না দিয়ে কোচ পেরেইরা তার উপর আস্থা রেখে জাপানের বিরুদ্ধে মাঠে নামিয়েছিলেন। জাপানের জালে দু’টি গোল দিয়ে সেই বিশ্বাসের যথাযথ প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রোনাল্ডো।

খেলার শুরু থেকে বেশিরভাগ সময় ব্রাজিল আক্রমণ পরিচালনা করলেও ম্যাচের ৩৪ মিনিটের সময়  বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ কাপিয়ে দেয় জাপান। সতীর্থ খেলোয়াড় এলেক্সের চমৎকার পাস থেকে জাপানের পক্ষে গোল করেন কেজি তামাদা।

গোল হজম করার পর ব্রাজিলের আক্রমণের গতি বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় ম্যাচের শেষ দিকে রোনাল্ডিনহো ও সিসিনহোর সম্মলীত প্রচেষ্টায় জাপানের ডি--বক্সের মধ্যে বল নিয়ে যেতে সমর্থ হয় ব্রাজিল। হেড করে গোল করতে ভুল করেননি রোনাল্ডো। ম্যাচে সমতা ১ - ১ গোলে সমতা ফেরায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের আট মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাজিল। জাপানের ডি--বক্সের বাইরে থেকে ব্রাজিলীয় খেলোয়াড় জুনিনহোর শট জাপানের গোলরক্ষণকে ফাঁকি দিয়ে জালে গিয়ে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় জাপানের জালে তৃতীয় গোলটি পাঠায় গিলবার্তো। ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে বেশ কয়েকজন জাপানিজ ডিফেন্ডারকে কাটিয়ে ব্রাজিলের পক্ষে চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো।

নিজের দ্বিতীয় গোলের সুবাদে বিশ্বকাপ ফুটবল আসরের সর্বোচ্চ গোলদাতা জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের পাশে স্থান করে নেন গতবারের গোল্ডেন বুট বিজয়ী রোনাল্ডো।

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হবে ঘানার।