ইটালির কাছে ২ -- ০ গোলে হেরে বিশ্বকাপ আসর থেকে চেক রিপাবলিকের বিদায়; দ্বিতীয় রাউন্ডে ঘানা
জার্মানির হামবুর্গে বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্র“পের পঞ্চম ম্যাচে ইটালি চেক রিপাবলিক’কে ২ -- ০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
অপরদিকে গ্র“পের শেষ ম্যাচে সকলকে চমকে দিয়ে আফ্রিকার নবাগত ঘানা ২ -- ১ গোলে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ঘানার এই বিষ্ময়কর পারফরমেন্সের কারনে পাবলো নেদভেদের চেক রিপাবলিককে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বিদায় নিতে হলো।
খেলার ২৬ মিনিটেই প্রথম গোলের দেখা পায় শক্তিশালী ইটালি। চেক বিপদসীমানায় একটি আক্রমণ থেকে কর্নার আদায় করে ইটালিয়ান স্ট্রাইকাররা। মিডফিল্ডার ফ্রানচেস্কো টট্টি’র নিখুঁত কর্নার কিকটি দর্শণীয় এক হেডের মাধ্যমে চেকদের জালে ঢুকিয়ে দেন ইটালির বদলী ডিফেন্ডার মার্কো ম্যাটিরাজ্জি।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে চেক রিপাবলিক ইটালির বিপদসীমানায় বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু প্রথমার্ধের শেষ মুহুর্তে মিডফিল্ডার জ্যান পোলাক দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পেয়ে বহিস্কৃত হলে চেক রিপাবলিক দশজনে পরিনত হয়। ফলে খেলার বাকী সময়টুকু আর ছন্দে ফিরতে পারেনি চেকরা।
খেলা শেষের মাত্র তিন মিনিট আগে ইটালি তাদের দ্বিতীয় ও শেষ গোলটি করে। মাঝমাঠ বরাবর ইটালিয়ান ডিফেন্ডারের নিখুঁত এক পাসে বল নিয়ে চেক গোলমুখে এগিয়ে যান ফরোয়ার্ড ফিলিপ্পো ইনজাগি। ডিফেন্ডরবিহীন চেক গোলরক্ষককে পরাজিত করে দলের জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি ফিলিপ্পো। ফলে অপ্রত্যাশিতভাবেই এবারের আসর থেকে বিদায় নিলো ফিফা র্যাংকিং-এর দ্বিতীয় দল চেক রিপাবলিক।
অপরদিকে নুরেমবার্গে ‘ই’ গ্রুপের অপর দল ঘানা ২ -- ১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়ে গ্রুপ রানার আপ হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। এবারের আসরের প্রথম আফ্রিকান দল হিসেবে ঘানা নক আউট পর্বে খেলার এই বিষ্ময়কর যোগ্যতা অর্জন করলো।
খেলার ২২ মিনিটে ঘানার মিডফিল্ডার হামিনু দ্রামানি যুক্তরাষ্ট্রের ডিফেন্সের ছোট্ট একটি ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন। যুক্তরাষ্ট্রের পেনাল্টি বক্সের বাম পাশে ডিফেন্ডার ক্লডিও রাইনা’র কাছ থেকে বল নিজের আয়ত্তে নিয়ে ঢুকে পড়েন বিপদসীমানার মধ্যে। এরপর দর্শণীয় এক শটে মার্কিন গোলরক্ষক কেসি কেলারকে পরাস্ত করে নিচের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করে দলকে লিড এনে দেন হামিনু।
সমতায় ফিরে আসতে মরিয়া হয়ে খেলতে শুরু করে মার্কিন ফুটবলাররা। খেলার ৪৩ মিনিটের মাথায় সমতাসূচক গোলটিরও দেখা পায় তারা। মার্কিন মিডফিল্ডার বিসলি ড্যামার্কাস ঘানার মিডফিল্ডার বোয়াটেং- এর কাছ থেকে বল কেড়ে নিয়ে চমৎকার একটি পাস দেন স্ট্রাইকার ক্লিন্ট ডেম্পসে’র কাছে। ক্লিন্ট তার দুর্দান্ত এক শটে ঘানার গোলরক্ষক রিচার্ড কিংস্টনকে পরাস্ত করে বলটি জালে জড়িয়ে দিলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
কিন্তু গোল হজমের মাত্র দুই মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ঘানাকে এগিয়ে নিয়ে যায় ঘানার অধিনায়ক স্টিফেন অ্যাপিয়াহ। ফলে ২ -- ১ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করে ঘানা।
ইটালি তাদের নক আউট পর্বের প্রথম খেলায় ‘এফ’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে। আর ঘানা মুখোমুখি হবে ‘এফ’ গ্র“পের চ্যাম্পিয়ন দলের।
