শান্তিচুক্তি বাস্তবায়নে জোট সরকারের গড়িমসিতে পাহাড়ি নেতাদের ক্ষোভ প্রকাশ
জোট সরকারের আমলে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের মন্থরগতির কারণে পাহাড়ি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তারা এ মনোভাব প্রকাশ করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
বৈঠক সূত্র জানায়, এতে পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতারা জোট সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন তো করছেই না; বরং চুক্তিবিরোধী কাজ কর চলেছে। তারা এর উদাহরণ হিসেবে সরকারের মদদে পাহাড়ে বেআইনী অভিবাসন, ভূমি অধিগ্রহণ, বান্দরবানের আলী কদমে পাহাড়িদের সমাবেশে সমঅধিকার আন্দোলনের নামে বহিরাগত বাঙালিদের হামলার কথা তুলে ধরেন।
বৈঠক উপস্থিত পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কেএস মং বিডিনিউজকে জানান, তাদের পক্ষ থেকে সরকারকে আবারো শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়নের বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়েছে।
তিনি জানান, এ সভায় কৃষি, শিক্ষা, ভূমি, মৎস্য ও পশু সম্পদ এবং স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ আটটি স্থাপনা পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। ইতোপূর্বে ১৫টি কার্যালয় জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, এতে আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ, সংসদের হুইপ আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা গৌতম কুমার চাকমা, সুধাসিন্দু খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।
