২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জীবিত আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ডাচরা

ফ্রাঙ্কফুর্টে বুধবার বিশ্বকাপ ফুটবলের ‘গ্র“প অব ডেথ’ খ্যাত ‘সি’ গ্র“পের ম্যাচে মুখোমখি হবে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ দু’টি দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দু’টি দল ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। তবে এরপরও ফুটবল বিশ্লেষকরা মনে করেন, শিরোপা প্রত্যাশী দু’টি দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের মধ্যেকার ম্যাচটি দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এই জার্মানিতেই ১৯৭৪ সালের বিশ্বকাপ আসরে শেষবার এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। কোচ রিনুস মিশেলসের প্রশিক্ষণে গড়া এবং জোহান ক্রুয়েফের যোগ্য নেতৃত্বে  আর্জেন্টিনাকে সে বার ৪ - ০ গোলে ধরাশায়ী করেছিল ডাচরা।

এ বার জার্মানির গেলসেনকারশেনে চলমান বিশ্বকাপ ফুটবলের গ্র“প পর্বের ম্যাচে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে ৬ - ০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টাইনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গোল ব্যবধানে গ্র“পের শীর্ষেও অবস্থান করছে এই আর্জেন্টাইনরা।

কোচ মার্কো ভ্যান বাস্তেনের ডাচ দলের ছয়জন খেলোয়াড় এবং হোসে পেকারম্যানের আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় ইতোমধ্যেই একটি করে হলুদ কার্ড পেয়েছে। তাই দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে অতিরিক্ত খেলোয়াড়দের এই ম্যাচে মাঠে নামিয়ে যাচাই করে নিতে পারেন দুই কোচ।

ডাচ প্লেমেকার রাফায়েল ভ্যান ডার ভ্যার্ট বলেন, “শক্তিশালী প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে সেরা দল হিসেবেই আমরা গ্র“প পর্বের খেলা শেষ করতে চাই।”

এদিকে ডাচ খেলোয়াড় ফিলিপ কোকু এবং জন হেইটিনগার যথাক্রমে গোড়ালি ও হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরতে পারেন।

অন্যদিকে আর্জেন্টিনার একজন মাত্র তারকা খেলোয়াড় লুইস গঞ্জালেসকে ইনজুরির কারণে দলে পাচ্ছেন না কোচ পেকারম্যান। কোয়ার্টার ফাইনালের আগে গ্রোয়েন ইনজুরি থেকে সেরে উঠতে পারবেন না গঞ্জালেস। বিশ্রাম দেওয়া হতে পারে স্ট্রাইকার হার্নান ক্রেসপোকেও।