ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ১০ জন আহত, অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদল--ছাত্রলীগ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হযেছে। ঘটনার পর ছাত্রলীগ ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে।
উপাচার্যের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে বেলা ১১ টার দিকে ছাত্রলীগের অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতা--কর্মীরা হামলা চালালে এই সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ১১ টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ এবং প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রলীগ কর্মীরা উপাচার্য কার্যালয়ের কয়েকটি চেয়ার টেবিল ভাংচুর করে। এসময় তারা উপাচার্যের কার্যালয়ের প্রহরী কাশেম এবং গাড়ি চালক আব্দুল খালেককে লাঞ্চিত করে। খবর পেয়ে ছাত্রদল সভাপতি মোমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হুমায়র বাবর ফিরোজের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা লাঠিসোঠা নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া করে। ছাত্রলীগ নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া করে। সংঘর্ষ চলাকালে দুই রাউন্ড গুলিবর্ষণ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদল ছাত্রলীগ নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।
সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আশরাফ, ছাত্রদল কর্মী মেহেদী হাসান ও আলমগীর এবং একজন সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের ইবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ছাত্রলীগ মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাক দেয়।
এ বিষয়ে ছাত্রদল সভাপতি মোমিনুর রহমান বলেন, ছাত্রলীগ উপাচার্যের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যাবহার করে গালিগালাজ এবং তার কার্যালয়ে ভাংচুর করার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, উপাচার্যের অপসারণ দাবিতে আমাদের পূর্বঘোষিত অবস্থান ধর্মঘট চলাকালে ছাত্রদল আমাদের ওপর হামলা চালায়। একই সাথে অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয় উল্লেখ করে তিনি হামলাকারীদের বিচার দাবি করেন।
এদিকে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘটের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করেছে।
