বিশ্বকাপ: ফ্রান্সের বিরুদ্ধে ড্র করে দ্বিতীয় রাউন্ডের দ্বারপ্রান্তে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের ম্যাচে দক্ষিণ কোরিয়া রোববার ফ্রান্সের বিরুদ্ধে ১ - ১ গোলে ড্র করে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জোরালো করলো।
আর্সেনালের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরির গোলে ফ্রান্স এগিয়ে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোরিয়ান মিডফিল্ডার পার্ক জি সুংয়ের গোলে ২০০২ সালের সেমি--ফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া ম্যাচটি ড্র করে মাঠ ছাড়ে।
এই ম্যাচ ড্র হওয়ার ফলে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট দাঁড়ালো ৪ এবং ফ্রান্স পয়েন্ট ২। তবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে টোগোর বিরুদ্ধে অবশ্যই ম্যাচ জয় করতে হবে ফ্রান্সকে।
ম্যাচ শুরু হওয়ার নয় মিনিটের মাথায় সতীর্থ খেলোয়াড় সিলভেইন ওয়ালটর্ডের পাস থেকে বল পেয়ে তা ডান পায়ে থামান ফ্রান্সের তারকা খেলোয়াড় থিয়েরি অঁরি। এরপর অঁরির বাম পায়ের জোরালো শট দক্ষিণ কোরিয়ার গোলরক্ষণ লীকে পরাস্ত করে সোজা জালে জড়ায়।
এই গোলের মাধ্যমে ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স শেষ পর্যন্ত গোলের দেখা পেলেও ম্যাচ জয়ের স্বাদ নিতে ব্যর্থ হয়।
ম্যাচের ৮২ মিনিটের মাথায় ঘুরে দাঁড়ায় কোরিয়ানরা। চো জির কাছ থেকে বল পেয়ে পার্ক জি সুংয়ের শট ফ্রেঞ্চ বাথেজের মাথার উপর দিয়ে গিয়ে জালে জড়ায়।
ম্যাচে ফ্রান্সের এবিডাল ও জিদান এবং দক্ষিণ কোরিয়ার লী ও কিমকে হলুদ কার্ড দেখান মেক্সিকান রেফারি আরচুন্দিয়া তেলেজ।
এরপর ২৪ জুন জার্মানির কোলোনে টোগোর বিরুদ্ধে ফ্রন্স এবং হ্যানোভারে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।
