ভারতের জেল থেকে নয় মাস পর ফিরে এলো ১৩ বাংলাদেশী জেলে
ভারতের উড়িষ্যার জেলে আটক ১৩ জন বাংলাদেশী জেলে নয় মাস পর দেশে ফিরেছে। বেসরকারী সংস্থা সাউথ এশিয়ান পার্টনারশীপ--বাংলাদেশ (স্যাপ) সরকারের সহয়তায় শুক্রবার তাদের ফিরিয়ে আনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে স্যাপ এ তথ্য জানায়। ফিরে আসা জেলেরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫--এর ১৭ সেপ্টেম্বর এক ঝড়ে বঙ্গোপসাগরে জননী নামের একটি মাছ--ধরা ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা বরগুনা জেলার পাথরঘাটার ১৩ জন জেলে সমুদ্রে ১৩ -- ১৪ ঘন্টা ভাসার পর থাইল্যান্ডের একটি জাহাজের সহযোগিতায় ভারতের উড়িষ্যায় পৌছাঁন। পরে তাদের স্থান হয় সেখানকার জেলখানায়।
ফিরে আসা জেলে সিদ্দিকুর রহমান বিডিনিউজকে বলেন, সমুদ্রে প্রচণ্ড ঝড়ে আমাদের ট্রলার ডুবে যায়। সেসময় আমরা বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ’র রহমতে বেঁচে গেছি।
তিন বলেন, স্যাপ--এর চেষ্টায় প্রায় এক বছর পর আমরা নিজের দেশে ফিরে এসেছি। ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের জন্যে তেমন কিছুই করেনি।
তিনি আরো বলেন, বিভিন্ন ব্যক্তি আমাদের ছাড়িয়ে আনার কথা বলে আত্মীয়--স্বজনদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে প্রতারণা করেছে। এখন আমরা একরকম নিঃস্ব।
অপর জেলে আব্দুল মালেক বিডিনিউজকে বলেন, চেন্নাই ও বোম্বেতে আরো কয়েকজন বাংলাদেশি জেলে আটকে আছে। সরকার ভালোভাবে চেষ্টা করলে তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারে।
স্যাপ--বাংলাদেশ-- এর প্রোগ্রাম অফিসার নাদিরা মল্লিক (ঘধফরৎধ গধষষরশ) বিডিনিউজকে বলেন, আটকে পরা জেলেদের কথা জানতে পেরে আমরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি। প্রায় নয় মাস অনবরত চেষ্টার পর তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ঝড়ের কবলে পড়ে ভারতে আশ্রয় নেয়া জেলেরা অনুপ্রবেশকারী বা পাচারকারি নয়। তাদের ফিরিয়ে আনার জন্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সহজ প্রোটোকল থাকা উচিত।
ফিরে আসা জেলেরা হচ্ছেন: দুলাল মাঝি, মো. মিলন, মো. জুলহাস, মো. নান্টু মিয়া, মো. রস্তম সরদার, মো. সিদ্দিকুর রহমান, মো. হিরণ, মো. আলমগীর হোসেন, মো. আ. রব, মো. মান্নান, মো. আফজাল, মো. ইউনুচ এবং মো. আ. রাজ্জাক। তারা সবাই বরগুনার পাথরঘাটা থানার অধিবাসী।
