যশোরে সাংবাদিক মুকুল হত্যা মামলা থেকে মন্ত্রী তরিকুলসহ ২ জনের অব্যাহতি
যশোরে রানার সম্পাদক আর.এম. সাইফুল আলম মুকুল হত্যা মামলা থেকে পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামসহ দু’জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ২ মো. শফিকুর রহমানের আদালতে এই মামলার চার্জ গঠনের শুনানিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
মামলার অপর অভিযুক্ত ফারাজী আজমল হোসেন, নুর - উন - নবী ও মশিয়ার রহমান আদালতে অব্যহতির আবেদন জানালেও তা নাকচ হয়ে যায়। ইকবাল কবির জাহিদের পক্ষে তার আইনজীবী কিছু বলতে চাইলে আদালত তা অগ্রাহ্য করেন। আগামী ২৭ জুলাই আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। চার্জ গঠনের দিন আদালতে তরিকুল ইসলামসহ সকলেই উপস্থিত ছিলেন।
মন্ত্রী তরিকুল ইসলাম ও রূপম (নাম বিভ্রাট) অপর অভিযুক্ত এ মামলা থেকে অব্যহতি পাওয়ায় আদালত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক রানার’ এর সম্পাদক সাংবাদিক মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে শহর থেকে পত্রিকা দপ্তরে পৌঁছানোর সময় দুর্বৃত্তদের বোমার আঘাতে নিহত হন। পরদিন তার স্ত্রী হাফিজা আক্তার শিরিন বাদি হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার ন্যস্ত হয় সিআইডির ওপর। সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল এ মামলায় ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বিএনপি নেতা সাবেক কমিশনার নুর - উন - নবী। মামলার বাদি চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। এরপর মামলাটি আইনি জটিলতায় আটকে যায়। এমনকি হাইকোর্ট থেকে মামলাটি বাতিলও করে দেওয়া হয়। ২০০৫ সালে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ মামলাটি পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে ২০০৫ সালের ২১ ডিসেম্বর সিআইডি যশোর জোনের এএসপি মওলা বক্স এ মামলার বর্ধিত চার্জশিট প্রদান করেন। এতে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বিএফইউজে নেতা ফারাজী আজমল হোসেনসহ দু’জনকে অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ২৪ জন।
