যশোরে বোমা বিস্ফোরণে আহত ২ জনের মৃত্যু
যশোর নওয়াপাড়ায় মঙ্গলবার বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত তিন যুবকের মধ্যে দুইজন মারা গেছে। একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলো, যশোর জেলার বিল ঝিকরার তালতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে বিল্লাল এবং মশরহাটি গ্রামের মৃত টিপু মাস্টারের ছেলে সুমন।
সূত্র জানায়, বিল্লাল, সুমন এবং আমিনুর মঙ্গলবার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার বিল ঝিকরা এলাকায় বোমা বানাচ্ছিল। রাত ৯ টার দিকে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরিত হলে তিন যুবক গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, ‘বিকট শব্দ শুনে আমরা এসে তাদেরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।’
পুুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
অভয়নগর থানার ওসি আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, এএসপি খ সার্কেল নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।
হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে বিল্লাল ও সুমন মারা যায় এবং আমিনুরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে বিল্লাল মৃত্যুর পূর্বে পুলিশকে জানায়, আমিনুর তাদেরকে চুক্তি করে বোমা বানানোর জন্য নিয়ে এসেছিল।
সে জানায়, আমিনুর ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর বোমা হামলার সাথে সে জড়িত ছিল।
পুলিশ বলেছে, হতাহতরা চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত।
