২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে নেদারল্যান্ড ১-০ গোলে জয়ী

জার্মানীর লিপজিগে বিশ্বকাপ ফুটবলের ‘গ্র“প অব ডেথ’ খ্যাত ‘সি’ গ্র“পের দ্বিতীয় ম্যাচে ‘ডার্ক হর্স’ নেদারল্যান্ডস সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেললেও কোনোক্রমে ১-০ গোলে জয়লাভ করেছে। খেলার একমাত্র গোলটি করেন নেদারল্যান্ডসের তারকা স্ট্রাইকার আর্জেন রোবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

খেলার প্রথমার্ধের পুরো নিয়ন্ত্রণ ছিল নেদারল্যান্ডসের হাতে। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি সুন্দর সুযোগ হাতছাড়া করে নেদারল্যান্ডসের স্ট্রাইকাররা। তবে কাঙ্খিত ও একমাত্র গোলটি আসে খেলার ১৭ মিনিটের মাথায় স্ট্রাইকার আর্জেন রোবেনের পা থেকে। সতীর্থ রবিন ভ্যান পার্সি’র নিখুঁত পাসটি সার্বিয়ার গোলরক্ষক ড্রাগোস্লাভ জেভরিকের ডান পাশ দিয়ে চমৎকারভাবে জালের মধ্যে ঠেলে দেন রোবেন।

খেলার ২১ মিনিটের মাথায় রোবেন আরেকটি সুযোগ পেলেও এবার গোলরক্ষক ড্রাগোস্লাভ জেভরিকের নৈপুণ্যে তা নস্যাৎ হয়ে যায়।

সার্বিয়া একটি চমৎকার সুযোগ নষ্ট করে ৩১ মিনিটের সময় । স্ট্রাইকার সাভো মিলোসেভিচ হল্যান্ডের রক্ষণভাগ ভেদ করে বেরিয়ে গেলেও শেষপর্যন্ত গোলরক্ষক এডউইন ভ্যান ডার সারকে বোকা বানাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করার  জন্য অনেকটা মরিয়া হয়ে খেলতে শুরু  করে সার্বিয়া ও মন্টেনিগ্রোর স্ট্রাইকাররা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খেলা হল্যান্ডের নিয়ন্ত্রণে চলে আসে। উল্টো হল্যান্ডের একচেটিয়া তীব্র আক্রমণে সার্বিয়ার রক্ষণভাগ এলোমেলো হয়ে পড়ে। দুর্ভাগ্য হল্যান্ডের , কোনোভাবেই আর গোলের দেখা পায়নি বিশ্ব ফুটবলের এই ‘ডার্ক হর্স’ নামে পরিচিত হল্যান্ড।

টোটাল ফুটবলের প্রবর্তক হল্যান্ড তাদের অতি পরিচিত ৪-৩-৩ ছকে মাঝমাঠ গুছিয়ে রেখে খেলে। হল্যান্ডের পরিকল্পিত খেলার সামনে সার্বিয়া ও মন্টেনিগ্রোকে পুরোপুরি অসহায়ই মনে হয়েছে।

সার্বিয়া ও  মন্টেনিগ্রো ১৬ জুন গেলসেনকার্সচেনে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে। একই দিনে স্টুটগার্টে নেদারল্যান্ডস্ মুখোমুখি হবে গ্র“পের অপর দল আইভরিকোস্টের।