শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অসত্য ও ভিত্তিহীন: সংসদে মিলন
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
জাতীয় সংসদে রোববার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বিরোধী দলের সাংসদ রেজাউল করিম হীরার এ অভিযোগ প্রসঙ্গে বলেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। শুধু সরকারকে খাটো ও জনসমক্ষে হেয় করার জন্যেই এ অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিকের একটি চিঠি উদ্ধৃত করে বলেন, বিরোধী দলীয় সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে ওয়ালিকের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানতে চাওয়া হয়।
জবাবে ওয়ালিক প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে শিক্ষক নিয়োগে অনিয়ম সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন।
এ ধরনের বক্তব্য না রাখার জন্যে প্রতিমন্ত্রী বিরোধী সাংসদদের প্রতি আহ্বান জানান।
