২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক - শ্রমিকরা

পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন সারাদেশে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৭২ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মোট ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির মধ্যে সড়ক পরিবহন সমিতি প্রথম ৪৮ ঘণ্টা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পরবর্তী ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি দিয়েছে।

ধর্মঘটের ফলে যানবাহন খাতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি তথা যাত্রী দুর্ভোগও চরমে পৌঁছবে বলে সংশ্লিষ্ট নানা মহলের ধারণা।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, তেলের দাম বৃদ্ধি ছাড়াও খুচরা যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত কর, টোকেন ফি, অবৈধ টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে তারা ধর্মঘট করছেন।

সূত্র জানায়, একই সময় একই ধরণের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাস ট্রাক মালিক সমিতি। আগামী ১৩ জুনের বৈঠকে সমিতি তাদের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাস ট্রাক মালিক সমিতি পৃথকভাবে তাদের কর্মসূচি ঘোষণা করলেও অন্যান্য সংগঠনের সাথে তাদের এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানা যায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ভাড়া বৃদ্ধির বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।  এরই মধ্যে দাবি -- দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো বৈঠক করছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান এমপি বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলেও আমাদের দাবি মেনে নিলে আমরা ভাড়া বাড়াবো না।

তিনি বলেন, অব্যাহত চাঁদাবাজি, টোল আদায় এবং সন্ত্রাসের কারণে প্রতিদিন প্রত্যেকটি পরিবহনকে এক থেকে দু হাজার টাকা বাড়তি গুনতে হয়। এ সব কারণে ক্ষতি পুষিয়ে নিতে পরিবহন মালিক ও শ্রমকিদেরকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

সরকার সম্প্রতি তাদের কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্র“তি প্রদান করলেও শেষ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

এদিকে ট্রাক ড্রাইভার ফেডারেশন এবং ঢাকা শহর পরিবহন শ্রমিক লীগ ১১ জুন আরও একটি ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এ ধর্মঘট ডেকেছে।